অর্থনীতির ৩০ দিন অনলাইন ডেস্ক :
মালয়েশিয়ার সেলকম আজিয়াটা বারহাদের নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার (সিওই) হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মাদ ইধাম নাওয়াউই।
আগামী ৩১ অগাস্ট মাইকেল ক্যুনারের কাছ থেকে দায়িত্ব গ্রহণের পর ১ সেপ্টেম্বর থেকে কোম্পানিটির নেতৃত্ব দেবেন তিনি। মোবাইল অপারেটর রবি রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
মালয়েশিয়াসহ এ অঞ্চলের টেলিযোগাযোগ শিল্পে কাজের ক্ষেত্রে ২৫ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে ইধামের। এছাড়া বেশ কয়েকটি স্টার্টআপসহ বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় সংস্থার ব্যবস্থাপনা ও পরিচালনার দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১২ সাল থেকে আজিয়াটা গ্রুপের সাথে রয়েছেন ইধাম। বর্তমানে তিনি গ্রুপ চিফ কর্পোরেট অফিসার (জিসিসিও) হিসেবে দায়িত্ব পালন করছেন।
মালয়েশিয়া, কম্বোডিয়া, বাংলাদেশ ও পাকিস্তানে আজিয়াটার মোবাইল ফোন অপারেটরগুলোর পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে এবং বেশ কয়েকটি আজিয়াটা ডিজিটাল সার্ভিসেস কোম্পানির হয়ে দায়িত্ব পালন করেছেন তিনি।
ইধাম নিউ ইয়র্কের রচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর বিএসসি এবং স্কটল্যান্ডের গ্লাসগোর স্ট্রাথক্লাইড বিশ্ববিদ্যালয় থেকে কমিউনিকেশন ম্যানেজমেন্টে এমবিএ করেন।
আজিয়াটার প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ সিইও এবং সেলকমের চেয়ারম্যান তান শ্রী জামালুদিন ইব্রাহিম বলেন, আমরা ইধামকে সেলকমের সিইও হিসেবে পেয়ে আনন্দিত। আমাদের বিশ্বাস, তিনি তার বলিষ্ঠ নেতৃত্ব ও সমৃদ্ধ অভিজ্ঞতা কাজে লাগিয়ে সেলকমকে আগামীর ডিজিটাল বিশ্বের উপযোগী করে এগিয়ে নিয়ে যাওয়া এবং কোম্পানির ব্যবসায়িক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।











