নিজস্ব প্রতিবেদক :
এখন থেকে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের গ্রাহকরা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের যে কোনো এজেন্ট ব্যাংকিং আউটলেটে বিদ্যুতের বিল পরিশোধ করতে পারবেন।
সম্প্রতি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেড ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি হয় বলে ব্যাংকটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহসান আফজাল এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক (অর্থ) হোসেন পাটোয়ারী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী দেশের বিভিন্ন অঞ্চলের পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীনস্থ গ্রাহকরা ইউসিবি এজেন্ট ব্যাংকিং আউটলেটে তাদের বৈদ্যুতিক বিল পরিশোধ করতে সক্ষম হবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য (সমিতি ব্যবস্থাপনা) মাহবুবুল বাশার, কন্ট্রোলার (অর্থ ও হিসাব) নাজমুল হক, ইউসিবি এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান মো.খিরকিল নওয়াজসহ অন্যান্য কর্মকর্তারা।











