উদ্যোক্তাদের উন্নয়নে বিসিক সব সময় পাশে আছে বলে জানিয়েছেন বিসিকের চেয়ারম্যান মুশতাক হাসান মুহাম্মদ ইফতিখার। সকালে নোয়াখালীর নাইস গেস্ট হাউজ এবং ট্রেনিং হলে ইউরোপিয়ান ইউনিয়ানের অর্থায়নে প্রিজম প্রকল্প, বাংলাদেশ ক্ষুদ্র এবং কুটির শিল্প করপোরেশন বিসিক ও শিল্প সহায়ক কেন্দ্র নোয়াখালীর আয়োজনে ৩ দিনব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ’ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এসময় বিসিক চেয়ারম্যান আরো বলেন, উদ্যোক্তাদের ঋণ-আর্থিক সহায়তা প্রাপ্তি, ব্যবসা শুরু এবং তা প্রসারে সব ধরনের সহযোগিতা করবে বিসিক। এই প্রশিক্ষণটি ব্যতিক্রমধর্মী। তাই এটি উদ্যোক্তাদের ব্যবসা প্রসার, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই বাজারে প্রবেশ নিশ্চিতকরণের মাধ্যমে দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলেও আশা প্রকাশ করেন বিসিকের চেয়ারম্যান।
ইউরোপিয়ান ইউনিয়ানের অর্থায়নে প্রিজম প্রকল্পের আওতায় এই উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স পরিচালনা করছেন এসআইওয়াইবি ফাউন্ডেশন বাংলাদেশ SIYB Foundation Bangladesh এবং এতে তরুণ ও শিক্ষিত ২৫ জন উদ্যোক্তা প্রশিক্ষণ নিচ্ছেন। প্রশিক্ষকরা এ তিনদিন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আইএলও ILO এর মডিউল অনুসারে ‘স্টার্ট এন্ড ইমপ্রুভ ইয়োর বিজনেস’ মেথডে উদ্যোক্তাদের ব্যবসা শুরু, প্রসার ও ব্যাংক ঋণ প্রাপ্তিতে কারিগরী সহায়তাসহ নানা বিষয়ের উপর প্রশিক্ষণ দেবেন। এটি গতানুগতিক ধারার কোনো ক্লাস রুমভিত্তিক প্রশিক্ষণ নয়। এতে আইএলও’র সর্বাধুনিক ব্যবসা প্রসারের কারিকুলাম অনুসারে নেটওয়ার্কিং, আইস ব্রেকিং, বিজনেস প্ল্যান, বিজনেস লার্নিং উইথ প্লে অ্যান্ড গেমিং পদ্ধতিতে উদ্যোক্তাদের উৎসাহিত করা হবে। এটি একটি কার্যকরী বৃহৎ ব্যবসা সম্প্রসারণ পদ্ধতি। পৃথিবীর প্রায় ১০০টি দেশে আইএলও’র এই পদ্ধতিতে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ দেয়া হয়।
একজন উদ্যোক্তা ব্যবসা শুরু করার জন্য কী করতে পারেন, কীভাবে বাজার সম্পর্কে বুঝবেন, কী পণ্য উৎপাদন করবেন, খরচ, কাঁচামাল, বাজারজাতকরণ, বাজার সম্প্রসারণ, নিত্যনতুন পণ্য তৈরি, রফতানি বৃদ্ধি, দেশ-বিদেশের বাজার সম্প্রসারণ, ঝুঁকি এবং কীভাবে সফল উদ্যোক্তা হবেন সে সম্পর্কে হাতে কলমে ধারণা দেওয়া হবে। একই সঙ্গে আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেয়ার জন্য কারিগরি সহায়তাও পাবেন উদ্যোক্তারা। ১২ই জুলাই এ প্রশিক্ষণ শেষ হবে এবং প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিসিকের পরিচালক (উন্নয়ন ও সম্প্রসারণ) জীবন কুমার চৌধুরী, বিসিক নোয়াখালীর উপ-মহা ব্যবস্থাপক বাবুল চন্দ্রনাথ এবং এসআইওয়াইবি ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রধান নির্বাহী ফেরদৌস আহম্মেদ।











