ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) তথ্যপ্রযুক্তি (আইটি) বিভাগের প্রধান ও উপপরিচালক মো. নাদির বিন আলী সম্প্রতি ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের নতুন নির্বাহী কমিটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন। ইন্টারনেট সোসাইটি এশিয়া প্যাসেফিক চ্যাপ্টারের ডেভেলপমেন্ট ম্যানেজার শুভাশীষ পাণিগ্রাহী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। তিনি সোসাইটির এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তিন সদস্যের নির্বাচন কমিশনের অন্য দুই সদস্য ছিলেন ইন্টারনেট সোসাইটি দিল্লি চ্যাপ্টারের কোষাধ্যক্ষ অমৃতা চৌধুরী এবং বাংলাদেশ চ্যাপ্টারের সদস্য ও সাবেক সহসভাপতি রহমান খান। ৬ আগস্ট নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. হাফিজ মোহাম্মদ হাসান বাবু এবং দৈনিক সংবাদের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ কাওছার উদ্দীন। পাঁচ সদস্যের নির্বাহী কমিটির অন্য দুই সদস্য
হলেন— বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের এলআইসিটি প্রকল্পের ডাটা সেন্টার অপারেশনস ম্যানেজার মো. আবদুল আওয়াল (সহসভাপতি) ও ফ্লোরা লিমিটেডের সিস্টেম ইঞ্জিনিয়ার মো. ইয়াসির ফিরোজ (কোষাধ্যক্ষ)।
উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশে ইন্টারনেট সোসাইটির ১৪০টির বেশি চ্যাপ্টার রয়েছে। সবার জন্য ইন্টারনেট— এ স্লোগান নিয়ে কাজ করছে আন্তর্জাতিক সংগঠনটি। —বিজ্ঞপ্তি











