
অর্থনীতির ৩০ দিন সংবাদ :
২০১০-এর বীমা আইন নতুনভাবে সংশোধনী প্রস্তাব করে একটি খসড়া চূড়ান্ত করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। সংশ্লিষ্ট অংশীজন, বিশেষজ্ঞ এবং জনসাধারণের কাছ থেকে আগামী ৮ জুলাই ২০২৫ তারিখের মধ্যে এ খসড়া সংশোধনীর ওপর মতামত আহ্বান করেছে কর্তৃপক্ষ।
সোমবার (১৬ জুন) কর্তৃপক্ষের পরিচালক (আইন) মোহা. আবদুল মজিদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি বিআইএ, বিআইএফ এবং ইন্স্যুরেন্স একাডেমিসহ সকল লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিকে পাঠানো হয়েছে।
আইডিআরএ জানিয়েছে, বীমা খাতের বিকাশ, গ্রাহক স্বার্থ সংরক্ষণ এবং নিয়ন্ত্রক সংস্থার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বীমা আইনকে আরও যুগোপযোগী ও কার্যকর করার উদ্দেশ্যে এই সংশোধনী প্রস্তাবনা দেওয়া হয়েছে।
সংশোধনী খসড়া ম্যাট্রিক্স আকারে তুলনামূলক বিবরণী হিসেবে প্রস্তুত করা হয়েছে, যেখানে সংশোধন, সংযোজন ও বিয়োজন ইত্যাদি প্রস্তাবনা স্পষ্টভাবে উপস্থাপন করা হয়েছে। কিছু ধারা অপরিবর্তিত রাখে অধিকাংশ ধারাতেই পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে।
উল্ল্যেখ্য যে প্রস্তুতকৃত খসড়া সংশোধনীর বিষয়ে সংশ্লিষ্টদের অন লাইনে মতামত পাঠাতে বলা হয়েছে। মতামত পাঠাতে হবে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্ধারিত (officerlaw@idra.org.bd, mourynoshin@gmail.com) ই-মেইলে সফট কপি (মাইক্রোসফট ওয়ার্ডে নিকষ ফন্টে) এবং হার্ডকপি (পিডিএফ) আকারে।
উল্লেখিত দু’টি ই-মেইল ব্যতিত সরাসরি হার্ডকপি গ্রহণযোগ্য হবে না এবং আগামী ৮ জুলাই ২০২৫ তারিখের মধ্যে মতামত না পাওয়া গেলে এ বিষয়ে কারো আপত্তি বা মতামত নাই বলে ধরা হবে, এবং সবার সম্মতি আছে মর্মে কর্তৃপক্ষ কর্তৃক পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।












