সিটি ব্যাংক লিমিটেডের পরিচালক আজিজ আল কায়সার প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গতকাল অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তাকে এ পদে নির্বাচন করা হয়। একই সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন হোসেন খালেদ।
শিল্পপতি আজিজ আল কায়সার সিটি ব্যাংকের একজন উদ্যোক্তা-পরিচালক। তিনি পাঁচ বছর ব্যাংকের ভাইস চেয়ারম্যান ছিলেন। ২০০৭-১১ মেয়াদে তিনি ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশের গ্রাহকদের আমেরিকান এক্সপ্রেস কার্ডের সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার ক্ষেত্রে তিনি মুখ্য ভূমিকা পালন করেন। তার হাত ধরেই সিটি ব্যাংক নতুন লোগো নিয়ে ২০০৮ সালে নতুন করে যাত্রা করে। তিনি ব্যাংকটির ব্রোকারেজ, মার্চেন্ট ব্যাংক সাবসিডিয়ারি, প্রায়োরিটি ব্যাংকিং সেবা ‘সিটিজেম’ ও ঢাকা বিমানবন্দরে ব্যাংকের কার্ড গ্রাহকদের জন্য বেসরকারি খাতে দেশের প্রথম আন্তর্জাতিক লাউঞ্জ চালু করেন।
সফল ব্যবসায়ী আজিজ আল কায়সার বর্তমানে পারটেক্স স্টার গ্রুপের পরিচালক এবং গ্রুপটির বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বরত। এছাড়া তিনি মালয়েশিয়ায় সিটি ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান সিবিএল মানি ট্রান্সফারের চেয়ারম্যান।
ব্যবসায়িক ব্যক্তিত্ব হোসেন খালেদও সিটি ব্যাংকের একজন উদ্যোক্তা-পরিচালক। বর্তমানে তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির সদস্য ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। হোসেন খালেদ আনোয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি সিটি ব্রোকারেজ লিমিটেডের চেয়ারম্যান ও বাংলাদেশ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের সাবেক চেয়ারম্যান। এছাড়া তিনি বিডি ফিন্যান্স ক্যাপিটাল হোল্ডিংস লিমিটেডের ভাইস চেয়ারম্যান ও বিডি ফিন্যান্স সিকিউরিটিজের পরিচালক হিসেবে দায়িত্বরত। তিনি ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ও বর্তমান পরিচালক। এছাড়া এন্ট্রাপ্রেনিউরস অর্গানাইজেশনের (ইও) সভাপতি ছিলেন তিনি। বিজ্ঞপ্তি












