ঢাকা উত্তর সিটি নির্বাচন আদালতের আদেশে স্থগিত হয়ে যাওয়ার দায়ভার এককভাবে নির্বাচন কমিশনের বলে মন্তব্য করেছেন ঐতিহ্যবাহী দল বাংলাদেশ মুসলিম লীগ। গতকাল দলের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট বদরুদ্দোজা আহমেদ সুজা ও মহাসচিব কাজী আবুল খায়ের এক যুক্ত বিবৃতিতে বলেন তফসিল ঘোষণার মাধ্যমে ডিএনসিসি নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার পর আদালতের আদেশে নির্বাচন স্থগিত হয়ে যাওয়ায় নির্বাচন কমিশন কোন ভাবেই এ ধরনের জটিলতা সৃষ্টির দায়ভার এড়াতে পারেন না। ভোটার তালিকা চূড়ান্ত করার আগে তড়িঘড়ি করে নির্বাচনের তফসিল ঘোষণা চূড়ান্ত অব্যবস্থাপনার নজীর। স্থানীয় নির্বাচনে একজন প্রার্থীকে অবশ্যই তার নির্বাচনী এলাকার ভোটার হতে হবে। অথচ একজন প্রার্থী জানবেনও না সংশ্লিষ্ট এলাকার ভোটার তালিকায় তার নাম আছে কিনা, তিনি প্রার্থী হয়ে প্রচার চালিয়ে অবশেষে হাসির খোরাক হবেন, এটা কোন ধরনের তফসীল তা কারো বোধগম্য নয়। সাধারণ একটা সিটি নির্বাচনে যে কমিশন এ ধরনের অব্যবস্থাপনার নজীর রেখেছে তারা দেশের রাজনীতিতে এখন পর্যন্ত সবচাইতে গুরুত্বপূর্ণ আসন্ন জাতীয় নির্বাচন সফল ভাবে সম্পন্ন করতে কতটা সক্ষম হবেন, এ নিয়ে জাতি আজ শঙ্কিত।











