অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক :
সর্বশেষ রেটিং অনুযায়ী সাধারণ বীমা খাতের কোম্পানি গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের ঋণমান দীর্ঘমেয়াদে ‘ট্রিপল এ’ ও স্বল্পমেয়াদে ‘এটি-ওয়ান’। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য তথ্যের ভিত্তিতে এ মূল্যায়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ (সিআরএবি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৭ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে গ্রীন ডেল্টা। এক বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৫৯ পয়সা। ৩১ ডিসেম্বর কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৮৩ টাকা ২৯ পয়সায়।
সর্বশেষ প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, প্রথমার্ধে (জানুয়ারি-জুন) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৫৯ পয়সা। যা এর আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ২৩ পয়সা। ৩০ জুন কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৮০ টাকা ৮৭ পয়সা।
২০১৬ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্যও ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় গ্রীন ডেল্টা। ২০১৬ হিসাব বছরে কোম্পানির ইপিএস হয় ৩ টাকা ৪৬ পয়সা। ২০১৫ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয় সাধারণ বীমা খাতের তালিকাভুক্ত কোম্পানিটি। ২০১৪ সালে দেয় ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ।
ডিএসইতে সম্প্রতি গ্রীন ডেল্টা শেয়ারের সর্বশেষ দর ২ দশমিক ৪৪ শতাংশ বা ১ টাকা ৪০ পয়সা বেড়ে দাঁড়ায় ৫৮ টাকা ৮০ পয়সায়। দিনভর দর ৫৬ টাকা ২০ পয়সা থেকে ৫৯ টাকা ৫০ পয়সার মধ্যে ওঠানামা করে। সমাপনী দর ছিল ৫৮ টাকা ৬০ পয়সা। যা এর আগের কার্যদিবসে ছিল ৫৭ টাকা ৪০ পয়সা। এদিন ৩১ বারে এ কোম্পানির মোট ৬ হাজার ৫৫৭টি শেয়ারের লেনদেন হয়। এক বছরে শেয়ারটির সর্বনিম্ন দর ছিল ৫৪ টাকা ১০ পয়সা ও সর্বোচ্চ দর ৬৯ টাকা ৮০ পয়সা।
১৯৮৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ৮০ কোটি ৬৯ লাখ ১০ হাজার টাকা। রিজার্ভে আছে ৫৭১ কোটি ৯০ লাখ টাকা। মোট শেয়ার ৮ কোটি ৬ লাখ ৯১ হাজার ১৮৭টি; যার মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৪৮ দশমিক ৫২ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ১৩ দশমিক ৩৬, বিদেশী ৮ দশমিক ২৫ এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে বাকি ২৯ দশমিক ৮৭ শতাংশ শেয়ার। সর্বশেষ এজিএমে অনুমোদিত নিরীক্ষিত মুনাফা ও বাজারদরের ভিত্তিতে শেয়ারটির মূল্য-আয় (পিই) অনুপাত ১৬ দশমিক ৩২, হালনাগাদ অনিরীক্ষিত মুনাফার ভিত্তিতে যা ১৮ দশমিক ৪৩।












