
গ্রাহকদের অর্থ আত্মসাৎ, অর্থপাচার সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কারণে চেয়ারম্যান পদ থেকে নজরুল ইসলামকে অপসারণ
খোন্দকার জিল্লুর রহমান:-
প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে নজরুল ইসলামকে অপসারণ করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। রোববার ২৩ অক্টোবর, ২০২২ এ সংক্রান্ত একটি চিঠি প্রাইম ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহীসহ সকল বীমা কোম্পানিকে পাঠানো হয়েছে।
আইডিআরএ’র ওই চিঠিতে বলা হয়েছে, প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলামকে বীমাকারীর নিবন্ধন প্রবিধানমালা, ২০১৩ এর ৩(২)(খ) প্রবিধানে বর্ণিত ফরম বীউনিক-খ এর ১৭ (ঘ) শর্ত লঙ্ঘনের কারণে পরিচালনা পর্ষদের (সাবেক) চেয়ারম্যানের পদ থেকে কেন অপসারণ করা হবে না, তার কারণ দর্শানোর জন্য ৪ অক্টোবর, ২০২২ তারিখে স্মারক নং ৫৩.০৩.০০০০.০৫২.১১.০০২.২২.৫৮ এর মাধ্যমে ব্যাখ্যা চাওয়া হয়, তবে মো. নজরুল ইসলাম জেল হাজতে থাকায় নিজে ব্যাখ্যা দিতে না পারায় কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা কর্তৃক যে ব্যাখ্যা প্রদান করা হয়েছে, তা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ‘র নিকট গ্রহনযোগ্য ও সন্তোষজনক হয় নাই।
যার কারনে, বীমাকারীর নিবন্ধন প্রবিধানমালা, ২০১৩ এর ৩(২) (খ) প্রবিধানে বর্ণিত ফরম বীউনিক-খ এর ১৭ (ঘ) শর্ত লঙ্ঘনের কারণে বীমা আইন, ২০১০ এর ৫০ ধারা মোতাবেক মো. নজরুল ইসলামকে প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে ২০ অক্টোবর ২০২২ তারিখ হতে অপসারণ করা হলো বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। দীর্ঘ সময় পরে হলেও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ‘র এরকম বোধোদয় বীমাখাতের জন্য ভালো ভুমিকা রাখবে বলে অনেকটাই আশা করা যায়। 
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র কর্তৃপক্ষের পরিচালক (উপসচিব) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত ওই চিঠিপাঠানো হয়। গত ২০২১ সালের ১ সেপ্টেম্বর ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে নতুন পরিচালনা পর্ষদ গঠন করে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। নজরুল ইসলাম তখন কোম্পানিটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ছিলেন। গ্রাহকদের অর্থ আত্মসাৎ, অর্থপাচার সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কারণে বীমা কোম্পানিটিতে নতুন এই পর্ষদ গঠন করে বিএসইসি।
নজরুল ইসলাম বর্তমানে ফারইস্ট ইসলামী লাইফের অর্থ আত্মসাৎ ঘটনায় শাহবাগ থানায় দায়েরকৃত একটি মামলায় জেল হাজতে রয়েছেন। একই মামলায় ফারইস্ট ইসলামী লাইফের সাবেক পরিচালক এম এ খালেক ও তার ছেলে রুবায়াত খালেকও জেল হাজতে রয়েছেন।
মি: সুজাদুর রহমান প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা বোর্ডের বর্তমান চেয়ারম্যান। তিনি বাংলাদেশের একজন স্বনামধন্য সুযোগ্য ও সফল ব্যবসায়ী। কোম্পনির পরিচালনা বোর্ডের সকলের সম্মতি ক্রমে সুজাদুর রহমানকে কোম্পানির চেয়ারম্যান পদে নির্বচন করা হয়। তার নেতৃত্বে তিনটি উপ কমিটি যথাক্রমে নির্বাহী কমিটি (ইসি) অডিট কমিটি (এসি) এবং ন্যাশনাল রিমুনারেশান কমিটি (এনআরসি)’র মাধ্যমে পর্যাপ্ত লোকবলসহ কোম্পনির প্রতিদিনের কার্য়ক্রম পরিচালনা করেন।












