প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৩৮ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক :
বাংলার পাশাপাশি ইংরেজি ভাষাকে বাধ্যতামূলক করার নির্দেশনা নিয়ে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির চতুর্থ পর্যায় (পিইডিপি-৪) অনুমোদন দিয়েছে সরকার।
আগামী পাঁচ বছরে প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৩৮ হাজার ৩৯৭ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্প মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পায়। শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, “প্রধানমন্ত্রী এ প্রকল্পটি অনুমোদনের সময় বাংলার পাশাপাশি ইংরেজি ভাষা শিক্ষার নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, তিনটি ভাষা শেখাতে পারলে আরও ভালো। তবে বাংলা এবং ইংরেজি বাধ্যতামূলক।
পিইডিপি-৪ কর্মসূচির আওতায় প্রাথমিকে ১ লাখ ৬৫ হাজার শিক্ষক নিয়োগ, ১ লাখ ৩৯ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান মন্ত্রী।
এছাড়াও প্রকল্পের আওতায় ৭১ হাজার ৮০৫টি ল্যাপটপ কেনা, ৪০ হাজার শ্রেণিকক্ষ নির্মাণ, প্রধান শিক্ষকদের জন্য সাড়ে ১০ হাজার কক্ষ নির্মাণ, ৭৮ হাজার ওয়াশ ব্লক নির্মাণ, সুযোগ না পাওয়া ১০ লাখ শিশুর প্রাথমিক শিক্ষা নিশ্চিত এবং ৬৫ হাজার বিদ্যালয়ে দুর্যোগ মোকাবেলা সরঞ্জাম সরবরাহ করা হবে।
পরিকল্পনামন্ত্রী বলেন, এ কর্মসূচি বাস্তবায়নে সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় হবে ২৫ হাজার ৫৯১ কোটি টাকা। অবশিষ্ট ১২ হাজার ৮০৬ কোটি টাকা বিদেশি সহায়তা হিসেবে সংগ্রহ করা হবে।
পদ্মা সেতুর রেল সংযোগ নির্মাণে প্রায় ৩৯ হাজার ২৪৭ কোটি টাকার প্রকল্পটিও একনেক অনুমোদন করেছে।
এদিনের সভায় মোট ১৬টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান মুস্তফা কামাল। এ সব প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ৯৬ হাজার ২৩৫ কোটি টাকা।
এরমধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে জোগান দেওয়া হবে ৫২ হাজার ৬৮৫ কোটি টাকা। বিদেশি উৎস থেকে প্রকল্প সহায়তা হিসেবে সংগ্রহ করা হবে ৪৩ হাজার ২২১ কোটি টাকা।