অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
অনিবার্য কারণে বরিশালে অনুষ্ঠেয় বীমা মেলা ২০২২ স্থগিত ঘোষণা করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ।
আজ ৯ জানুয়ারি রোববার আইডিআরএ পরিচালক (উপসচিব) ও বীমা মেলা ২০২২ আয়োজক কমিটির সদস্য সচিব মো. শাহ আলম স্বাক্ষরিত চিঠিতে এবারের বীমা মেলা স্থগিত করা হয়েছে বলে জানান।
এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত যথাসময়ে অবহিত করা হবে বলেও আইডিআরএ চিঠিতে উল্লেখ করেছে ।
আগামী ১৪ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে (বেলস পার্ক) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ৩ দিনব্যাপী বীমা মেলা ২০২২।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবারের বীমা মেলার উদ্বোধন করতে চেয়েছিলেন। এতে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন বিআইএ’র প্রেসিডেন্ট শেখ কবির হোসেন।
আইডিআরএ আয়োজিত এ মেলায় কর্তৃপক্ষের পাশাপাশি ইন্স্যুরেন্স এসোসিয়েশন, ইন্স্যুরেন্স ফোরাম, ইন্স্যুরেন্স একাডেমি, ইন্স্যুরেন্স সার্ভেয়ার্স এসোসিয়েশন, বীমা প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহ এবং সকল লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানি অংশ নেয়ার প্রস্তুতি ছিল ।
এর আগে ২০১৬ সালে প্রথম বারের মতো বীমা মেলা অনুষ্ঠিত হয় রাজধানী ঢাকায়। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় ওই বীমা মেলা।
এরপর ২০১৭ সালে সিলেটে অনুষ্ঠিত হয় বিভাগীয় পর্যায়ের বীমা মেলা। ২০১৮ সালের বীমা মেলা অনুষ্ঠিত হয় চট্টগ্রামে এবং সর্বশেষ ২০১৯ সালে খুনলায় বীমা মেলা আয়োজন করা হয়।
করোনা পরিস্থিতির কারণে আর কোন বীমা মেলা আয়োজন করা হয়নি।












