৩০ দিন প্রতিবেদক :
নাজমা হক প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নির্বাহী কমিটির চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে তাকে পুনরায় এ পদে নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়। একই সভায় এজেডএম সাজ্জাদুর রহমান কোম্পানির অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন।
স্বনামধন্য ব্যবসায়ী নাজমা হক ২০১৭ সালেও কোম্পানির নির্বাহী কমিটির চেয়ারম্যান ছিলেন। বর্তমানে তিনি বাংলা ট্র্যাকের নির্বাহী পরিচালক, অনির্বাণ এন্টারপ্রাইজের চেয়ারম্যান এবং এশিয়ান গেট, অ্যাক্রন লিমিটেড ও থানে টেকনোলগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জনকারী নাজমা হক একজন সক্রিয় সমাজকর্মী ও ক্রীড়া সংগঠক হিসেবেও সুপরিচিত। তিনি রাজশাহীতে অবস্থিত বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা। এছাড়া তিনি প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের চেয়ারপারসন।
প্রাইম ইন্স্যুরেন্সের অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত এজেডএম সাজ্জাদুর রহমান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে যান্ত্রিক প্রকৌশল বিষয়ে স্নাতক ও উৎপাদন প্রকৌশল বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এছাড়া তিনি হেডেলবার্গ এফআরজি থেকে রেলওয়ে ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং, কানাডার অ্যালবার্ট ইউনিভার্সিটি থেকে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং ও অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউক্যাসল থেকে কয়লা প্রযুক্তি বিষয়ে ডিগ্রি নেন।
সাজ্জাদুর রহমান জ্বালানি পর্যবেক্ষণ ও সংরক্ষণ কেন্দ্রের পরিচালক এবং জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ রেলওয়ের সাধারণ ব্যবস্থাপক ও অতিরিক্ত সাধারণ পরিচালক হিসেবেও কাজ করেন। বর্তমানে তিনি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে খণ্ডকালীন বহিরাগত পরীক্ষক ও কনফিডেন্স সিমেন্ট লিমিটেড স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্বরত। বিজ্ঞপ্তি












