“বিসিক এবং ঐক্য ফাউন্ডেশন ডিসপ্লে অ্যান্ড সেলস সেন্টার’ স্থাপন সমঝোতা স্বাক্ষর”


অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক :-
২৩ সেপ্টেম্বর, ২০২১]- রাজধানীর লেকশোর হোটেলে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এবং ঐক্য ফাউন্ডেশন-এর মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান আয়োজিত হয়। দেশের ৪৯৩ টি উপজেলায় ‘বিসিক-ঐক্য ডিজিটাল ডিসপ্লে অ্যান্ড সেলস সেন্টার’ স্থাপনের লক্ষ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ডিজিটাল মাধ্যমে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, এমপি। ডিজিটাল মাধ্যমে আরও উপস্থিত ছিলেন ঐক্য ফাউন্ডেশনের সভাপতি (সিএমএসএমই উদ্যোক্তা উন্নয়ন উইং), বিশিষ্ট নারী নেত্রী শাহীন আকতার রেনী। এছাড়া বিশেষ শুভেচ্ছা
জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র ও ঐক্য ফাউন্ডেশনের সভাপতি (সিএমএসএমই উদ্যোগ সম্প্রসারণ উইং) মো: আতিকুল ইসলাম এবং কৃষি ও গণমাধ্যম উন্নয়ন ব্যক্তিত্ব ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আই-এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক চেয়ারম্যান মো: মোশতাক হাসান, এনডিসি।
বিসিক-এর সচিব মো: মফিদুল ইসলাম এবং ঐক্য ফাউন্ডেশন-এর প্রধান নির্বাহী অপু মাহফুজ চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, এমপি বলেন, “দেশিয় পণ্যসামগ্রী সরাসরি ও ডিজিটাল মাধ্যমে দেশের প্রতিটি উপজেলায় উপস্থাপন এবং বিক্রয়ের মাধ্যমে উদ্যোক্তারা যেমন লাভবান হবেন, তেমনি দেশের অর্থনীতি আরও মজবুত হবে বলে আমি মনে করি। পাশাপাশি তাদের দেখাদেখি দেশে আরও অনেক নতুন উদ্যোক্তাও তৈরি হবে বলেও আমি আশাবাদী। তাই এমন চমৎকার একটি উদ্যোগ গ্রহণের জন্য আমি উভয় প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সকলকে
সাধুবাদ জানাই।”
ঐক্য ফাউন্ডেশনের সভাপতি (সিএমএসএমই উদ্যোক্তা উন্নয়ন উইং) শাহীন আকতার রেনী বলেন, “আমাদের সকল পরিকল্পনা এবং কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার মধ্য দিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর ‘ভিশন ২০৪১’ বাস্তবায়নে অবদান রাখতে পারবো বলে আমি আশাবাদী। আমাদের এই পথচলায় অংশীদার হওয়ার জন্য আমি বিসিক-কে আন্তরিক ধন্যবাদ জানাই।”

বিসিক এবং ঐক্য ফাউন্ডেশন বাংলাদেশের সিএমএসএমই খাতের উন্নয়নে এবং দেশব্যাপী সিএমএসএমই উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য সরাসরি ও ডিজিটাল মাধ্যমে বিক্রয় ও বাজারজাতকরণের লক্ষ্যে একযোগে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতায় বিসিক এবং ঐক্য ফাউন্ডেশন এই কার্যক্রম বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করেছে।
বিসিক সম্পর্কে- বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন ও সম্প্রসারণে নিয়োজিত সরকারী খাতের মূখ্য পোষক প্রতিষ্ঠান। বিসিক এর প্রত্যক্ষ এবং পরোক্ষ উদ্যোগে দেশে প্রচুর শিল্পোদ্যোক্তা সৃষ্টি এবং শিল্প প্রতিষ্ঠান স্থাপিত হয়েছে। বিশ্বায়ন এবং মুক্তবাজার অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলায় কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) শিল্পখাতের পণ্য বাজারজাতকরণে বিসিক সমস্ত বিদ্যমান ও নতুন শিল্পদ্যোগকে সম্প্রসারণ ও উন্নয়ন করা এবং প্রতিযোগিতায় টিকে থাকার ক্ষেত্রে প্রয়োজনীয় সুযোগ সুবিধা প্রদান করে থাকে। সম্প্রতি বিসিক সিএমএসএমই উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণে সহায়তা প্রদানের লক্ষ্যে বিসিক অনলাইন মার্কেট ( http://www.bscic-emarket.gov.bd ) নামীয় একটি ই-কমার্স সাইট তৈরী করেছে।

ঐক্য ফাউন্ডেশন সম্পর্কে- দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোক্তাদের বিকাশ এবং এই খাতের টেকসই উন্নয়নে অবদান রাখছে ঐক্য ফাউন্ডেশন। দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি উদ্যোক্তাদের নিয়ে প্রথম টেলিভিশন অনুষ্ঠান ‘উদ্যোক্তা’ পরিচালনা করছে ঐক্য। ঐক্য প্রতিষ্ঠা করেছে দক্ষিণ এশিয়ায় সিএমএসএমই 'র পণ্যের অন্যতম বৃহৎ অনলাইন মার্কেট oikko.com.bd । বাংলাদেশের সকল গ্রামে নতুন উদ্যোক্তা সৃষ্টির কার্যক্রম নিয়ে ঐক্য বিনিয়োগ বলয় ঐক্যের অনন্য কার্যক্রম। ঐক্য ফাউন্ডেশন তার ঐক্য এসএমই ডিজিটাল ইন্সটিটিউট এর ঘোষণা দিতে যাচ্ছে যেখানে সারা বাংলাদেশ থেকে বেকার তরুণ তরুণীরা ডিজিটালি কোর্স সম্পন্ন করে হয়ে উঠতে পারবেন এসএমই উদ্যোক্তা। www.uddoktabarta.com ডিজিটাল অনলাইন পত্রিকার মাধ্যমে ইতিমধ্যে হাজার হাজার উদ্যোক্তার কাভারেজ সৃষ্টি করছে ঐক্য ফাউন্ডেশন। ঐক্য হেলথ এর মাধ্যমে সারা বাংলার এসএমই উদ্যোক্তাদের কর্মীদের ও প্রান্তিক মানুষের স্বাস্থ্য সেবায় ফাউন্ডেশন কাজ করছে। ঐক্য এগ্রো'র মাধ্যমে কৃষিপণ্য অর্গানিক কৃষিপণ্য এবং কৃষিপ্রক্রিয়াজাত পণ্য অনলাইন এবং অফলাইনে বিপণন বিক্রয় ও বাজারজাতকরণের কাজ করছে ঐক্য ফাউন্ডেশন। ঐক্য ভিজুয়াল এন্ড রেকর্ডস উদ্যোক্তাদের সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকান্ডে উৎসাহিত করবার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।