বিসিকের প্রশিক্ষণ পাচ্ছেন ৫০ জন উদ্যোক্তা

প্রিজম প্রকল্পের অধীনে তিনদিনের কোর্স
৩০ দিন প্রতিবেদক :
দেশের বিভিন্ন জেলার ৫০ জন উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থায়নে বিসিকের ‘প্রভার্টি রিডাকশন বাই ইন্টিগ্রেটেড অ্যান্ড সাসটেইনেবল মার্কেটস (প্রিজম)’ প্রকল্পের আওতায় রাজধানীতে তিন দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে। গতকাল মতিঝিলে বিসিকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রশিক্ষণ কোর্সটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মুশতাক হাসান মুহাম্মদ ইফতিখার।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিসিকের সচিব একেএম মাসুদুজ্জামান, আঞ্চলিক পরিচালক মো. আহসান হাকিম, মহাব্যবস্থাপক ও প্রিজমের ন্যাশনাল প্রজেক্ট ডিরেক্টর প্রকৌশলী মোহাম্মদ হাসানুজ্জামান, প্রিজমের ন্যাশনাল টিম লিডার আলী সাবেতসহ বিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ। তিনি বলেন, প্রথমবারের মতো বিসিক এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করছে। কোর্সটিতে দেশের বিভিন্ন জেলার মোট ৫০ জন উদ্যোক্তা অংশগ্রহণ করছেন। প্রিজম প্রকল্পের আওতায় সম্পূর্ণ প্রশিক্ষণ কোর্সটি পরিচালনা করছে এসআইওয়াইবি ফাউন্ডেশন বাংলাদেশ। প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মডিউল অনুসারে ‘স্টার্ট অ্যান্ড ইমপ্রুভ ইওর বিজনেস’ পদ্ধতিতে উদ্যোক্তাদের ব্যবসা শুরু ও প্রসারের বিষয়ে প্রশিক্ষণ দেবে।
প্রধান অতিথির বক্তব্যে বিসিক চেয়ারম্যান মুশতাক হাসান মুহাম্মদ ইফতিখার বলেন, আমাদের আয়োজনটি ব্যতিক্রমধর্মী। বিজনেস লার্নিং উইথ প্লে অ্যান্ড গেমিং একটি বৃহৎ ব্যবসা সম্প্রসারণ পদ্ধতি। বিশ্বের প্রায় ১০০টি দেশে এ পদ্ধতিতে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ দেয়া হয়। এ পদ্ধতি অনুসরণ করে আমাদের মেধাবী উদ্যোক্তারা অন্তর্ভুক্তিমূলক ও টেকসই বাজার নিশ্চিতকরণের মাধ্যমে দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।