সিইও নিয়োগ ও নবায়ন প্রস্তাবে আরও সতর্ক হবার পরামর্শ আইডিআরএ’র

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা /সিইও পদে নিয়োগ ও নবায়নের ক্ষেত্রে আরও সতর্কতার সাথে চেকলিস্ট অনুযায়ি শর্তপূরন সাপেক্ষে অনুমোদন চেয়ে আবেদন করার পরামর্শ দিয়েছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ (আইডিআরএ)। কর্তৃপক্ষের পরিচালক ( আইন) আব্দুল মজিদ স্বাক্ষরিত এক পত্রে বীমা কোম্পানির চেয়ারম্যানের প্রতি এই নির্দেশনা দেয়া হয়।

পত্রে উল্লেখ করা হয়, বীমা আইন ২০১০ এর ৮০ ধারা ও তদধীন প্রণীত প্রবিধানমালা অনুযায়ী বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ বা নবায়নের প্রস্তাব কর্তৃপক্ষের নিকট নির্ধারিত সময়ের মধ্যে পাঠাতে হবে। এতে আরও বলা হয়, মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ ও নবায়নের ক্ষেত্রে কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি চেকলিস্ট প্রণয়ন এবং সংশ্লিষ্ট বীমা কোম্পানিতে দেয়া হয়েছে। মুখ্য নির্বাহী নিয়োগ দেয়ার ক্ষেত্রে চেকলিস্টে উল্লেখিত তথ্য অবশ্যই পূরন করতে হবে। অথচ লক্ষ্য করা যাচ্ছে, সাম্প্রতিক সময়ে কর্তৃপক্ষের কাছে পাঠানো নিয়োগ অনুমোদনের আবেদনসমূহে ত্রুটি থেকে যাচ্ছে। আবেদনসমূহ পর্যালোচনায় দেখা যাচ্ছে, অনেক বীমা কোম্পানি হতে চেকলিস্ট অনুযায়ী নিয়োগ প্রস্তাব পাঠানো হচ্ছে না। এর ফলে আবেদনপত্র যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিতে বিলম্ব হচ্ছে।
পত্রে আরো বলা হয়েছে, মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ বা নবায়ন প্রস্তাব যাচাই-বাছাইয়ের প্রথম দায়িত্ব বীমাকারীর তথা বীমা কোম্পানির পরিচালনা পর্ষদের। অথচ অনেক ক্ষেত্রে পরিচালনা পর্ষদ তথ্যাদির যথার্থতা নিশ্চিত না হয়েই অনুমোদন চেয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন করছে। এ কারনে অনাকাঙ্খিত সময়ক্ষেপণ হচ্ছে। আইন ও বিধি-বিধানের আলোকে চেকলিস্ট অনুযায়ী সকল তথ্যাদি যথাযথভাবে যাচাই-বাছাই করেই নিয়োগ প্রস্তাব কর্তৃপক্ষ বরাবর পাঠানোর অনুরোধ করা হয়।