
শেয়ারহোল্ডারদের মুনাফার ভাগ দেবে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেএমআই সিরিঞ্জ
অর্থনীতির ৩০ দিন ডেস্ক:
বড় মুনাফা করলেও পুঁজিবাজারে তালিকাভুক্ত জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস লিমিটেডের পরিচালনা পর্ষদ সেই মুনাফার ভাগ শেয়ারহোল্ডারদের না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি লভ্যাংশ হিসেবে বিনিয়োগকারীদের শুধু বোনাস শেয়ার দেবে।
২০২২ সালের ৩০ জুন সমাপ্ত বছরের জন্য এই লভ্যাংশের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। সোমবার (১৭ অক্টোবর) পরিচালনা পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা লভ্যাংশ হিসেবে ৩৬ শতাংশ বোনাস শেয়ার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ শেয়ারহোল্ডাররা ১০০টি শেয়ারের বিপরীতে ৩৬টি সাধারণ শেয়ার পাবেন।
এর আগে ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০ এবং ২০২১ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের ৩০ শতাংশ করে নগদ লভ্যাংশ দেয়।
এবার শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিলেও কোম্পানিটি বড় অঙ্কের মুনাফা করেছে। সমাপ্ত হিসাব বছরটিতে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪ টাকা ৫৫ পয়সা। আগের অর্থবছরে যা ছিল ৪ টাকা ৩ পয়সা।
মুনাফার পাশাপাশি সম্পদের পরিমাণও বেড়েছে কোম্পানিটির। শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) বেড়ে দাঁড়িয়েছে ১২৪ টাকা ২৫ পয়সা। আগের হিসাব বছর শেষে যা ছিল ১২২ টাকা ৭০ পয়সা।
পরিচালনা পর্ষদের ঘোষণা করা লভ্যাংশ সাধারণ শেয়ারহোল্ডারদের অনুমোদন নেওয়ার জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২১ ডিসেম্বর। আর লভ্যাংশ পাওয়ার যোগ্য বিনিয়োগকারী নির্বাচনে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৪ নভেম্বর।
জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস লিমিটেডের চেয়ারম্যান মো. জাবেদ ইকবাল পাঠানের সভাপতিত্বে ভার্চুয়াল বোর্ড সভায় অন্যান্যের মধ্যে যুক্ত ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রাজ্জাক, কোরিয়ান পরিচালক এইচ কে কিম, স্বতন্ত্র পরিচালক এটিএম সেরাজুল সালেকিন চৌধুরী এবং মুস্তাফিজুর রহমান, জাপানের নিপ্রো করপোরেশন মনোনীত পরিচালক কাটসুহিকো ফুজি এবং হিসাও নাকামোরি, জেএমআই গ্রুপের প্রধান অর্থ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস লিমিটেডের কোম্পানি সচিব মোহাম্মদ তারেক হোসেন খান এবং প্রধান অর্থ কর্মকর্তা মো. আবু হেনা।












