“ভর্তুকিমূল্যে টিসিবির পণ্য ক্রয়ে মানুষের লাইন”

খোন্দকার জিল্লুর রহমান :-
রমজান সামনে রেখে রাজধানীসহ সারা দেশে ভর্তুকিমূল্যে পাঁচটি পণ্য বিক্রি করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। পণ্যগুলো হচ্ছে : ছোলা, চিনি, মসুর ডাল, সয়াবিন তেল ও পেঁয়াজ। তবে রোজা শুরু হওয়ার পাঁচ দিন আগে সংস্থাটি খেজুর বিক্রি শুরু করবে। আর সারা দেশে ৫০০টি ভ্রাম্যমাণ ট্রাকে এসব পণ্য বিক্রি হচ্ছে। এর মধ্যে রাজধানীতে ১০০টি খোলা ট্রাকে বিক্রি কার্যক্রম অব্যাহত আছে। টিসিবি বলছে, রমজান উপলক্ষ্যে বাজারে পণ্যের দাম ভোক্তার ক্রয়ক্ষমতায় রাখতে ৬ মে এ বিক্রি কার্যক্রম শেষ হবে।
করোনাকালে সব ধরনের মানুষের আয় কমেছে। এর মধ্যে বাজারে বেড়েছে নিত্যপণ্যের দাম। তাই সরকারি সংস্থা টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক থেকে বাজারের চেয়ে কম দামে পণ্য কিনতে সাধারণ মানুষের ভিড় বাড়ছে। গত কয়েক দিনে রাজধানীর বিভিন্ন স্থানে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম বেড়েছে। আর সেখানে মানুষের দীর্ঘ লাইন লক্ষ করা গেছে। তা ছাড়া এ বছর নিত্যপণ্যের দাম বাড়তি থাকার কারণে পণ্য বিক্রি কার্যক্রম বাড়িয়েছে টিসিবি। রমজানে যেসব পণ্যের বেশি চাহিদা থাকে, সেগুলোর ১০-১২ শতাংশ টিসিবির মজুতে রয়েছে। রমজান উপলক্ষ্যে সংস্থাটি সাশ্রয়ী মূল্যে ২৬ হাজার ৫০০ টন ভোজ্যতেল, ১৮ হাজার টন চিনি, ১২ হাজার টন মসুর ডাল, ৮ হাজার টন ছোলা, ৬ হাজার টন পেঁয়াজ বিক্রি করবে।
রাজধানীর একাধিক বিক্রয় কেন্দ্র ঘুরে দেখা গেছে, খোলা ট্রাক থেকে একজন ক্রেতা ভর্তুকিমূল্যে ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ ৪ কেজি চিনি, পাশাপাশি ৫৫ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল, প্রতি লিটার ১০০ টাকা দরে সর্বোচ্চ ৫ লিটার সয়াবিন তেল এবং ২০ টাকা দরে পেঁয়াজ ও একজন ক্রেতা ২-৩ কেজি ছোলা কিনতে পারছেন ৫৫ টাকা দরে । এ ছাড়া রোজা শুরুর পাঁচ দিন আগ থেকে এক কেজি খেজুর ৮০ টাকা দরে ভোক্তারা কিনতে পাবেন।

টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির বলেন, বাজারে পণ্যের দাম ঠিক রাখতে ও রোজায় ভোক্তাদের কম দামে পণ্য কেনায় সহায়তা করতে সরকার টিসিবির মধ্যে ছয়টি পণ্য ভর্তুকিমূল্যে বিক্রি করছে। এবার টিসিবি তাদের বিক্রি সক্ষমতা গত কয়েক বছরের তুলনায় বাড়িয়েছে। যে কারণে ভোক্তা পরিপাটিভাবে লাইনে দাঁড়িয়ে সঠিক মাপে পণ্য কিনতে পারছেন, যা বাজারে পণ্যের দাম কমাতে সহায়তা করছে।