
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
নিজস্ব প্রতিবেদক: বীমা খাতের উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানিয়েছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআএ)’র চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী। সোমবার (১৬ অক্টোবর) সকালে নন-লাইফ বীমা কোম্পানিগুলোর মুখ্য নির্বাহীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এই আহবান জানান।
বীমা শিল্পের বিকাশে এ খাতের সম্ভাব্য উন্নয়ন ও সার্বিক অগ্রগতি এবং সমস্যা নিয়ে কর্তৃপক্ষের সভাকক্ষ-১ এ উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কর্তৃপক্ষের সকল সদস্য, সকল নির্বাহী পরিচালক, সকল পরিচালক এবং কর্মকর্তা উপস্থিত ছিলেন। নির্বাহী পরিচালক (নন-লাইফ) সামগ্রিক নন-লাইফ বীমা সেক্টরের উপর একটি সংক্ষিপ্ত পাওয়ার পয়েন্ট উপস্থাপনা প্রদান করেন। উপস্থাপনা শেষে মুক্ত আলোচনা হয়।
গণমাধ্যমে পাঠানো আইডিআরএ’র এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মুক্ত আলোচনা ও মতবিনিময় সভা শেষে নন-লাইফ বীমা খাতের উন্নয়নের জন্য বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান বেশ ক’টি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন, যা বীমা খাতকে শক্তিশালীকরণ ও গ্রাহকের আস্থা পুনরুদ্ধারে সহায়তা করবে বলে আশা করা যাচ্ছে।
আইডিআরএ চেয়ারম্যান বলেন, দেশের অর্থনীতিতে বীমা খাতের অবদান প্রত্যাশার তুলনায় অনেক বেশি পিছিয়ে রয়েছে এবং এ অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ জন্য তিনি সবাইকে আইন-কানুন, বিধি-বিধান সঠিকভাবে অনুসরণ করার আহবান জানান।
তিনি বলেন, বাংলাদেশ বীমা খাত উন্নয়ন প্রকল্পের অধীনে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে ইতোমধ্যে সম্পূর্ণরূপে অটোমেশন করার যে কার্যক্রম চলমান রয়েছে সে প্রেক্ষিতে কর্তৃপক্ষ সম্পূর্ণ অটোমেশনের আওতায় চলে আসলে বীমা কোম্পানিগুলোকে উক্ত সিস্টেমের সাথে সংযুক্ত হতে হবে এবং সে লক্ষ্যে এখন থেকে বীমাকারীদের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ গ্রহণ করতে হবে।












