
অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক :
এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডে বি এম ইউসুফ আলীসহ চার পরিচালকের পদ বহাল রেখে হাইকোর্টের দেয়া রায় আপিল বিভাগের চেম্বার জজ আদালত বহাল রেখেছেন। একইসঙ্গে ৬ সপ্তাহের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করার জন্য হাইকোর্ট বিভাগকে নির্দেশনা দিয়েছেন আপিল বিভাগ।
চার পরিচালক হলেন- পপুলার লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী, লিবার্টি লিভিং লিমিটেডের প্রতিনিধি মো. জামাল উদ্দিন, পারিজাত ডেভেলপার্স লিমিটেডের প্রতিনিধি ফৌজিয়া ইয়াছমিন এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্সের কোম্পানি সেক্রেটারি মোস্তফা হেলাল কবির। এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের দায়ের করা লিভ টু আপিলের শুনানি শেষে ২২ মে বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ বিষয়ে নির্দেশনা প্রদান করেন।
বিএম ইউসুফ আলীসহ চার পরিচালকের পদ শূন্য ঘোষণা করে গত ২৯ এপ্রিল এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহাম্মদের ইস্যু করা চিঠির কার্যকারিতা ৩ মাসের জন্য স্থগিত ঘোষণা করেন সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক খিজির আহমেদ চৌধুরীর নেতৃত্বাধীন একটি বেঞ্চ। একইসঙ্গে বি এম ইউসুফ আলী ও অপর তিন পরিচালককে বীমা কোম্পানিটিতে তাদের কার্যক্রম অব্যাহত রাখার সুযোগ প্রদানের নির্দেশনা প্রদান করেন।
বিএম ইউসুফ আলীসহ ৪ পরিচালকের পদ শূন্য ঘোষণা করে গত ৯ এপ্রিল পৃথক চিঠি ইস্যু করেন এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহাম্মদ। চিঠিতে উল্লেখ করা হয়, পরিচালনা পষর্দের একাধারে টানা তিনটি সভায় তারা অনুপস্থিত থাকায় কোম্পানি আইনের ১৯৯৪ এর ১০৮ ধারা ভঙ্গ হওয়ায় তাদের পরিচালক পদ শূন্য হয়েছে। পদ শূন্য ঘোষিতা ৪ পরিচালক হলেন- পপুলার লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী, লিবার্টি লিভিং লিমিটেডের প্রতিনিধি মো. জামাল উদ্দিন, পারিজাত ডেভেলপার্স লিমিটেডের প্রতিনিধি ফৌজিয়া ইয়াছমিন এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্সের কোম্পানি সেক্রেটারি মোস্তফা হেলাল কবির।
এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহাম্মদের ইস্যু করা এই চিঠির কার্যকারিতার বৈধতা চ্যলেঞ্জ করে সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট মামলা (কোম্পানি মেটার নং- ৬৬৫/২০২৫) দায়ের করেন বি এম ইউসুফ আলী। গত ২৯ এপ্রিল এই রিট মামলার শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত কিবরিয়া গোলাম মোহাম্মদের এই চিঠির কার্যকারিতা ৩ মাসের জন্য স্থগিত ঘোষণা করেন এবং সংশ্লিষ্ট পরিচালকদের বীমা কোম্পানিটিতে তাদের কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা প্রদান করেন।












