ইসরায়েলে ৫০০ কোটি ডলার বিনিয়োগ করবে ইন্টেল

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
মার্কিন চিপ নির্মাতা ইন্টেল করপোরেশন ইসরায়েলে পণ্য উৎপাদন বাড়াতে চায়। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি ইসরায়েল সরকারের কাছে ৫০০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা পেশ করেছে। সম্প্রতি ইন্টেলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স।
ইসরায়েলের অর্থ মন্ত্রণালয় জানায়, ইন্টেল করপোরেশন ২০১৮-২০ হিসাব বছরে কিরিয়াত গ্যাট প্লান্টের উৎপাদন বাড়াতে ১ হাজার ৮০০ কোটি শেকেল (৫০০ কোটি ডলার) বিনিয়োগ করতে চায়। এছাড়া প্রতিষ্ঠানটি স্থানীয় সরবরাহকারীদের জন্য ৩০০ কোটি শেকেল ব্যয়ে রাজি হয়েছে। নতুন বিনিয়োগ ইসরায়েলের প্রযুক্তি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যৎ বিনিয়োগে উৎসাহিত করবে।
ইসরায়েলি অর্থ মন্ত্রণালয় দেশে ইন্টেলের বিনিয়োগ বাড়াতে প্রতিষ্ঠানটিকে বিভিন্ন সুবিধা দেয়ার ঘোষণা দিয়েছে। ফলে ২০২৭ সাল পর্যন্ত ইসরায়েলে ৫ শতাংশ কর রেয়াত সুবিধা পাবে ইন্টেল। এছাড়া মার্কিন প্রতিষ্ঠানটিকে ৭০ কোটি শেকেল অনুদান দেয়ার কথা ভাবছে ইসরায়েল। ধারণা করা হচ্ছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইন্টেলকে বিনিয়োগের অনুমতি দেবে ইসরায়েল।
প্রতি বছর ইসরায়েলে বিপুল অর্থের পণ্য রফতানি করে ইন্টেল। এছাড়া দেশটিতে কর্মসংস্থান সৃষ্টিতেও ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি। ইন্টেলের তথ্যমতে, ২০১৭ সালে ইসরায়েলে ৩৬০ কোটি ডলার মূল্যের পণ্য রফতানি করেছে তারা, যা দেশটির মোট প্রযুক্তি পণ্য রফতানির প্রায় ৮ শতাংশ।
১৯৭৪ সালে ইসরায়েলে ব্যবসা শুরু করে ইন্টেল। এর পর থেকেই দেশটিতে ক্রমবর্ধমান হারে বিনিয়োগ বাড়াচ্ছে প্রতিষ্ঠানটি। দেশটিতে বর্তমানের ইন্টেলের কর্মী সংখ্যা ১১ হাজারে পৌঁছেছে।
ইন্টেলের ইসরায়েল ব্যবসা বিভাগের ভাইস প্রেসিডেন্ট ইয়ানিভ গার্টি বলেন, ইন্টেল ও ইসরায়েলের মধ্যে চমত্কার অংশীদারিত্ব রয়েছে, যার সূচনা ১৯৭৪ সালে।