অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক :
নেত্রকোনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় আড়াই হাজার কোটি টাকা ব্যয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগের দিন বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এটিসহ মোট ২৮টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এগুলোর মোট ব্যয়ের পরিমাণ প্রায় ৩০ হাজার ২৩৫ কোটি টাকা।
ভোটের আগে সরকারের মেয়াদের শেষ প্রান্তে এসে অনেকগুলো প্রকল্প অনুমোদন দেওয়া হল। এর মধ্যে দুদিন আগে এক বৈঠকে রেকর্ড সংখ্যক ৩৯টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছিল। প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশে ভাষণে পরবর্তী নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। তখন থেকে সরকার রুটিন দায়িত্বের পাশাপাশি আর কোনো কাজ করবে না। সেক্ষেত্রে এটাই একনেকের শেষ সভা কি না- জানতে চাইলে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, এটা শেষ একনেক সভা কি না, বলতে পারব না। আমাদের কাছে অনুমোদন দেওয়ার মতো আরও প্রকল্প আছে। কিন্তু নির্বাচনী আচরণবিধির সঙ্গে সাংঘর্ষিক হলে তো আর অনুমোদন দেওয়া যাবে না।
শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভার পর সংবাদ সম্মেলনে আসেন পরিকল্পনামন্ত্রী।
তিনি বলেন, ২ হাজার ৬৩৭ কোটি টাকা ব্যয়ে নেত্রকোনায় ‘শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় স্থাপন’ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়টি নেত্রকোনা সদরে ৫০০ একর জমির ওপর স্থাপন করা হবে। ওই জমিতে ১০ তলা ভিতের ১০ তলা বিশিষ্ট তিনটি একাডেমিক ভবন নির্মাণ করা হবে। ১০ তলা ভিতের ওপর ১০ তলার দুটি ছাত্রী ও দুটি ছাত্র হল এবং শিক্ষকদের জন্য ১০ তলা ভিতের ওপর একটি ১০ তলা আবাসিক ভবন নির্মাণ করা হবে।
এছাড়াও চার তলা ভিতের ওপর একটি চার তলার প্রশাসনিক ভবন, কর্মকর্তা কর্মচারীদের জন্য ১০ তলা ভিতের ওপর আবাসিক ভবন, শিক্ষকদের জন্য ১০ তলা ভিতের ওপর একটি ১০ তলা ডরমিটরি ভবন তৈরি, উপাচার্য ও রেজিষ্ট্রারের জন্য ২ তলা ভিতের ওপর দুই তলা বিশিষ্ট দুটি ডুপ্লেক্স বাংলো নির্মাণ করা হবে। পাশাপাশি ৩ তলা ভিত্তির ওপর একটি তিনতলা বিশিষ্ট কেন্দ্রীয় লাইব্রেরি ভবন, চার তলা ভিত্তির ওপর চার তলার একটি মেডিকেল ও ডে-কেয়ার সেন্টার এবং একটি ৫ তলা ভিত্তির ওপর ৫ তলা বিশিষ্ট একটি স্টাফ স্কুল ও কলেজ ভবন এবং উপ-উপাচার্য ও ট্রেজারারের জন্য একটি ৪ তলা ভিত্তি বিশিষ্ট ৪ তলার ভবন নির্মাণ করা হবে। বিশ্ববিদ্যালয়টিতে পর্যাপ্ত খেলার মাঠ রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।










