২ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হচ্ছে : সংসদে শিক্ষামন্ত্রী

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুনভাবে এমপিওভুক্তির জন্য প্র্রায় সাড়ে ৯ হাজার আবেদন পাওয়া গেছে। এর মধ্য থেকে যাচাই-বাছাই করে দুই হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে বেছে নেয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানকে এক বছরে না হলেও পর্যায়ক্রমে এমপিওভুক্ত করা হবে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল সংসদের বৈঠকে পীর ফজলুর রহমানের (সুনামগঞ্জ-৪) সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেন, এমপিওভুক্তির বিষয়ে আমরা অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। তাদের বরাদ্দের পরিপ্রেক্ষিতে পর্যায়ক্রমে আমরা বাছাইকৃত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করব। যাচাই-বাছাই প্রক্রিয়াটি কম্পিউটারের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে করা হয়েছে। এখানে কোনো অনিয়ম হয়নি।
মোস্তাফিজুর রহমান চৌধুরীর (চট্টগ্রাম-১৬) লিখিত প্রশ্নের জবাবে ডা. দীপু মনি বলেন, ২০০৯ সাল থেকে সারা দেশে ১ হাজার ৬২৪টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে। অবশিষ্ট স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ জারি করা হয়। নীতিমালার আলোকে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইনে আবেদন করছে।
সেলিম আলতাফ জর্জের (কুষ্টিয়া-৪) লিখিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ২০১৮ সালের জেএসসি, এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়নি, এমনকি ফাঁস হওয়ার কোনো গুজবও রটেনি। এ পর্যন্ত চলতি বছরের এসএসসি ও সমমানের কোনো পরীক্ষায় প্রশ্নপত্র এখনো ফাঁস হয়নি, এমনকি কোনো গুজবও রটেনি। কোচিং বাণিজ্য বন্ধে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা-২০১২ প্রণয়ন করা হয়েছে। ওই নীতিমালার আলোকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক/শিক্ষা উন্নয়ন), উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতি করে কমিটি গঠন করা হয়েছে।
লিয়াকত হোসেন খোকার (নারায়ণগঞ্জ-৩) অন্য লিখিত প্রশ্নের জবাবে ডা. দীপু মনি বলেন, দেশে বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১০৩টি। বর্তমান সরকারের আগের মেয়াদে (২০০৯-১৮) দেশে ৪৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিচালনা ও স্থাপনের অনুমতি দেয়া হয়েছে।