বিডি ল্যাম্পসের ঋণমান ‘এ প্লাস’ ও ‘এসটি-টু’

সর্বশেষ সার্ভিল্যান্স রেটিং অনুসারে দীর্ঘমেয়াদে বাংলাদেশ (বিডি) ল্যাম্পস লিমিটেডের ঋণমান ‘এ প্লাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-টু’। ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।

গত ৩০ জুন পর্যন্ত ১৮ মাসে সমাপ্ত ২০১৭ হিসাব বছরের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে বিডি ল্যাম্পস। ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৭ পয়সা। এর মধ্যে ২০১৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ইপিএস হয় ২ টাকা ৮৭ পয়সা এবং ২০১৬ সালের জুলাই থেকে গত ৩০ জুন পর্যন্ত ইপিএস হয় ৪ টাকা ২০ পয়সা। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৯৩ টাকা ৭১ পয়সায়।

চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) ১ টাকা ৩৭ পয়সা ইপিএস দেখিয়েছে বিডি ল্যাম্পস। আগের বছর একই সময়ে তা ছিল ৮৪ পয়সা। ৩১ ডিসেম্বর এর এনএভিপিএস দাঁড়ায় ১০০ টাকা ৬৯ পয়সায়।

২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় বিডি ল্যাম্পস। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সে সময় প্রতিষ্ঠানটির ইপিএস হয় ৩ টাকা ২৯ পয়সা।

ডিএসইতে সর্বশেষ ১৮১ টাকায় বিডি ল্যাম্পসের শেয়ার হাতবদল হয়। গত এক বছরে শেয়ারটির দর ১৬৪ টাকা ৫০ পয়সা থেকে ২২০ টাকার মধ্যে ওঠানামা করে।

সর্বশেষ নিরীক্ষিত মুনাফা ও বাজারদরের ভিত্তিতে এ শেয়ারের মূল্য-আয় (পিই) অনুপাত ২৫ দশমিক ৪২, হালনাগাদ অনিরীক্ষিত মুনাফার ভিত্তিতে যা ৬৫ দশমিক ৫৮।