কেডিএস অ্যাকসেসরিজ লিমিটেড ২৭তম বার্ষিক সাধারণ সভা

নতুন পণ্য উৎপাদনে কাজ করছে কেডিএস অ্যাকসেসরিজ
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
কেডিএস অ্যাকসেসরিজ লিমিটেড ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আন্তর্জাতিক বাজারে কাঁচামালের মূল্যবৃদ্ধির চ্যালেঞ্জ মোকাবেলার মাধ্যমে কোম্পানিটি এগিয়ে যেতে বদ্ধপরিকর। এছাড়া দেশের তৈরি পোশাক শিল্পের প্রবৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে কেডিএস অ্যাকসেসরিজ নতুন নতুন পণ্য উৎপাদনে কাজ করছে। গতকাল চট্টগ্রাম বোট ক্লাবের সিবিসি কনফিডেন্স সিমেন্ট কনভেনশন সেন্টারে ২৭তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এসব কথা বলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান।
সভায় কেডিএস অ্যাকসেসরিজের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করা হয়। এছাড়া চলতি বছরের ৩০ জুন নিরীক্ষিত আর্থিক বিবরণী, পরিচালক ও স্বতন্ত্র পরিচালক নিয়োগ এবং পরবর্তী বছরের জন্য বহির্নিরীক্ষক নিয়োগের বিষয়টি অনুমোদন করা হয়।
কোম্পানির স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ জামালউদ্দিন, পরিচালক কামরুল হাসান, বহির্নিরীক্ষকের প্রতিনিধি, কোম্পানির সিইও দেবাশীষ দাশপাল, সিএফও বিপ্লব কান্তি বণিক, কোম্পানি সেক্রেটারি মনজুরে খোদাসহ শেয়ারহোল্ডাররা সভায় উপস্থিত ছিলেন।