ইস্টার্ন ইউনিভার্সিটির নতুন উপাচার্য ড. আখতার হোসেন

অধ্যাপক ড. শহীদ আখতার হোসেন বৃহস্পতিবার ইস্টার্ন ইউনিভার্সিটির নতুন উপাচার্য হিসেবে যোগদান করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. হোসেন এর আগে ঢাবির উপ-উপাচার্য ছিলেন। তিনি ১৯৯৩ সালে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে টেকসই উন্নয়ন বিষয়ে পিএইচডি ও যুক্তরাজ্যের অ্যাভার্ডিন বিশ্ববিদ্যালয় থেকে পোস্টডক্টরেট ফেলোশিপ অর্জন করেন।
ড. হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভাগীয় প্রধান, প্রভোস্ট, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটির সদস্য হিসেবে নিয়োজিত।
এদিকে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠানে ড. হোসেনকে স্বাগত জানান সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এবিএম শহীদুল ইসলাম, ট্রেজারার এএস মাহমুদ, ডিন, বিভাগীয় প্রধান ও রেজিস্ট্রারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি