“সিইও নিয়োগে নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের চেয়ারম্যানের মিথ্যা তথ্য”


খোন্দকার জিল্লুর রহমান :
নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ অনুমোদন আবেদনে কোম্পানির চেয়ারম্যান এস এম আইয়ুব আলী চৌধুরী প্রস্তাবিত গোলাম ফারুকের কর্ম অভিজ্ঞতার সনদে মিথ্যা তথ্য দিয়েছেন । মুখ্য নির্বাহীর পুর্ব নিম্ন পদে িতন বছরের কর্ম অভিজ্ঞতা পূরণ করতে গিয়ে তিনি মিথ্যার আশ্রয় নেন। গত ২০ জানুয়ারি ২০২২ তারিখে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) বরাবর এ আবেদন করা হয়।
বীমা আইনে মিথ্যা তথ্য দেয়ার শাস্তি ৫ লাখ টাকা জরিমানা নাহয় ৩ বছরের কারাদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। আইনের ১৩১ ধারায় বলা হয়েছে,‌ “যদি কোন ব্যক্তি এইরূপ বক্তব্য প্রদান করেন বা এমন কোন দলিল, বিবরণী, হিসাব, রিটার্ন বা প্রতিবেদন দাখিল করেন যাহা মিথ্যা এবং মিথ্যা মনে হয়, তবে তিনি অনধিক ৩ (তিন) বৎসর কারাদণ্ডে দণ্ডিত হইবেন অথবা অনধিক ৫ (পাঁচ) লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন”।
দাখিল করা আবেদনে কর্ম অভিজ্ঞতার সনদে কোম্পানিটির চেয়ারম্যান এস এম আইয়ুব আলী চৌধুরী উল্লেখ করেন, ২০২১ সালের ১ জুলাই এর আগে কোম্পানিতে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদ ছিল না। অথচ আর্থিক প্রতিবেদনের তথ্য অনুসারে ২০১৪ সালেও কোম্পানিটিতে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদ ছিল এবং সে সময় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে ছিলেন মহিউদ্দিন আহমেদ ।
আর্থিক প্রতিবেদনের তথ্য অনুসারে, ২০২০ সালে চৌধুরী গোলাম ফরুক কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। অথচ চেয়ারম্যানের দেয়া ওই সনদে সময় পিছিয়ে গোলাম ফারুকে ২০২১ সালের ১ জুলাই অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি দেখান। মিথ্যা তথ্যে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে থেকেই কোম্পানিতে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের পদ সৃষ্টি দেখান। চেৌধুরী গোলাম ফারুকের কর্ম অভিজ্ঞতার সনদটি ইস্যু করা হয় ২০২২ সালের ১৯ জানুয়ারি।
চেয়ারম্যানের দেয়া ওই কর্ম অভিজ্ঞতার সনদে বলা হয়, ২০১৯ সালের ১ জানুয়ারি কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি পান চৌধুরী গোলাম ফরুক। অথচ আর্থিক প্রতিবেদনের তথ্য অনুসারে ২০১৮ সাল থেকই চৌধুরী গোলাম ফারুক নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানিতে উপ-ব্যবস্থাপনা পরিচালক ছিলেন ।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালের ১ জানুয়ারি থেকে কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ছিলেন গোলাম ফারুক। এই হিসেবে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে আবেদনের তারিখ ২০২২ সালের ২০ জানুয়ারি পর্যন্ত মুখ্য নির্বাহী কর্মকর্তার অব্যবহিত পরের পদে চৌধুরী গোলাম ফারুকের কর্ম অভিজ্ঞতা দাঁড়ায় সর্বমোট দুই বছর ১৯ দিন।
অনুমোদন আবেদনে নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান এস এম আইয়ুব আলী চৌধুরী কর্ম অভিজ্ঞতার সনদে দাবি করেছেন, ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিতে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচারলকের পদ ছিল না। এমতাবস্থায় ৩১ ডিসেম্বর কোম্পানির দ্বিতীয় সর্বোচ্চ পদে চৌধুরী গোলাম ফারুকের ৩ বছর পূর্ণ হয়েছে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র বিধান অনুযায়ী মুখ্য নির্বাহী কর্মকর্তা হতে হলে পুর্ব নিম্ন পদে ৩ বছরের কর্ম অভিজ্ঞতা বাধ্যতামূলকভাবে থাকতে হবে।
মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ ও অপসারণ প্রবিধানমালা ২০১২ এর ৩(খ)-তে বলা হয়েছে, ‘ইতোপূর্বে কোন বীমা কোম্পানিতে মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে বা উহার অব্যবহিত নিম্নপদে অন্যূন ৩ বৎসর কর্ম অভিজ্ঞতাসহ যে শ্রেণীর বীমার জন্য কোন ব্যক্তিকে মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগের প্রস্তাব করা হইবে, অনুরূপ শ্রেণীর বীমা ব্যবসায় অন্যূন ১৫ বৎসরের কাজের অভিজ্ঞতা’ থাকতে হবে, এ বিষয়ে জানতে চাইলে নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) কারো কোন সাড়া পাওয়া যায় নাই।