
অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক :
গ্লোবাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান সাঈদ আহমেদ বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের(বিআইএ)’র ২০২৫-২০২৬ সালের নির্বাহী কমিটির প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন । তার ভোটের সংখ্যা ১২ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ক্রিস্টাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ পেয়েছেন ৭ ভোট। মোট ২০ ভোটের মধ্যে ১৯ ভোট কাস্ট হয়েছে। একজন ভোটার দেশের বাইরে থাকায় তিনি ভোট দিতে পারেন নাই। ভোটারদের সকলেই সদ্য নির্বাচিত বিআইএ’র নির্বাহী কমিটির সদস্য।

আজ ২৩ ফেব্রুয়ারি ২০২৫ রোববার দুপুর আড়াইটায় এই ভোট অনুষ্ঠিত হয়। এর আগের দিন রোববার সংগঠনটির প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্য ২ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দেন। তারা দু-জন হলেন- গ্লোবাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান সাঈদ আহমেদ এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ।
আজই বিকেল সাড়ে ৪টায় ফার্স্ট ভাইস-প্রেসিডেন্ট এবং ভাইস-প্রেসিডেন্ট পদের নির্বাচন। ফার্স্ট ভাইস-প্রেসিডেন্ট ও ভাইস-প্রেসিডেন্ট পদে ৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- ডেল্টা লাইফের পরিচালক আদিবা রহমান, জনতা ইন্স্যুরেন্সের পরিচালক বেলাল আহমেদ এবং অগ্রণী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান কাজী শাখাওয়াত হোসেইন লিন্টু।












