নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের প্রথম বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড এবং বাংলাদেশ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সোসাইটি (বিএসসিএমএস) যৌথভাবে বাংলাদেশ সাপ্লাই চেইন এক্সিলেন্স অ্যাওয়ার্ড (বিএসসিইএ) ২০১৮ আয়োজন করতে যাচ্ছে। আগামী ২১ জুলাই এই পুরস্কার দেয়া হবে।
বুধবার রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, এ পুরস্কার হচ্ছে বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানে সাপ্লাই চেইন নলেজ বিষয়ে অগ্রগতি ও প্রয়োগের ক্ষেত্রে অসাধারণ ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক অবদানের জন্য একটি সম্মানজনক স্বীকৃতি। অনুষ্ঠানের নলেজ পার্টনার থাকবে ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইন এডুকেশন অ্যালায়েন্স (আইএসসিইএ)। ২০১৭ সালে দেশের ম্যান্ফ্যুাকচারিং ও সার্ভিস অর্গানাইজেশনের সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের বিভিন্ন ক্ষেত্রে যারা উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হয়েছেন, তাদেরকে এই পুরস্কার দেয়া হবে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ৭টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে এই পুরস্কার দেয়া হবে। সাপ্লাই চেইন এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০১৮’র জন্য সম্মানিত বিচারক প্যানেল ১৫টি সেরা অর্জন (৫টি ব্যক্তিগত, ৫টি স্থানীয় এবং ৫টি এমএনসি অর্গানাইজেশন) বাছাই করবেন। পুরস্কার বিজয়ীরা স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক এবং সনদপত্র পাবেন।
আইপিডিসি ফাইন্যান্সের এমডি ও সিইও মমিনুল ইসলাম বলেন, ‘কাজ, অভিজ্ঞতা এবং সম্পদের যথোপযুক্ত ব্যবহারের জন্য পারস্পরিক লাভজনক বন্ধুত্ব অত্যাবশ্যক। আইপিডিসি বিশ্বাস করে, সহযোগিতার অপর নাম নতুন উদ্ভাবন এবং ইন্ডাস্ট্রির সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সেক্টরের সেরাটা বের করে আনার লক্ষ্যে সহযোগিতা বাড়াতে প্রথমবারের মতো এমন একটি উদ্যোগ নেয়া হয়েছে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আইপিডিসি হেড অব কর্পোরেট কমিউনিকেশন মাহজাবীন ফেরদৌস, ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইন এডুকেশন অ্যালায়েন্সের এশিয়া অঞ্চলের সিইও এজাজুর রহমান, ডেইলি স্টারের সহযোগী সম্পাদক ব্রি. জে. (অব.) শহিদুল এনাম খান প্রমুখ।










