চালু হচ্ছে আইপিডিসির নতুন প্লাটফর্ম ‘অর্জন’

ন্যাথান অ্যাসোসিয়েটসের সঙ্গে চুক্তি

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ডিএফআইডি) অনুমোদিত এজেন্ট ন্যাথান অ্যাসোসিয়েটস লন্ডন লিমিটেডের সঙ্গে একটি চুক্তিতে স্বাক্ষর করেছে আইপিডিসি ফিন্যান্স লিমিটেড। ‘বিজনেস ফর দ্য পুওর ইন বাংলাদেশ (বিএফপি-বি)’ প্রকল্পের আওতায় স্বাক্ষরিত এ চুক্তির অধীনে দেশের ক্ষুদ্র ও ছোট এন্টারপ্রাইজগুলোয় ডিজিটাল সাপ্লাই চেইন ফিন্যান্স পদ্ধতি সরবরাহ ও পরিবেশনার সঙ্গে সম্পৃক্তদের জন্য ‘অর্জন’ প্লাটফর্ম চালু করবে আইপিডিসি। আর এ কাজে সহায়তা করবে ন্যাথান অ্যাসোসিয়েটস।
রাজধানীর একটি হোটেলে আইপিডিসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মমিনুল ইসলাম এবং ন্যাথান অ্যাসোসিয়েটসের পরিচালক বুদ্ধিকা সামারাসিঙ্গে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বিএফপি-বির টিম লিডার ফেয়সাল হুসাইন, চ্যালেঞ্জ ফান্ড ম্যানেজার মো. আরাফাত হুসেইন, নেসলে বাংলাদেশ লিমিটেডের ডিরেক্টর অব করপোরেট অ্যাফেয়ার্স এবং বাংলাদেশ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সোসাইটির প্রেসিডেন্ট নকিব খান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
মমিনুল ইসলাম বলেন, আইপিডিসি সব সময় দেশের ক্ষুদ্র ও ছোট উদ্যোগগুলোর সুযোগ-সুবিধার জন্য কাজ করে। এসব খাতে ডিজিটাল সাপ্লাই চেইন ফিন্যান্স পদ্ধতিকে আরো উন্নত করে সরবরাহ ও পরিবেশনার সঙ্গে সম্পৃক্তদের জন্য আমরা ‘অর্জন’ প্লাটফর্ম চালু করছি।
‘অর্জন’ প্লাটফর্মের ব্যাপারে তিনি বলেন, ‘অর্জন’ হলো ব্লক চেইন প্রযুক্তির মাধ্যমে ডিজিটাল সাপ্লাই চেইন প্লাটফর্মকে উন্নত করে দেশের ক্ষুদ্র ও ছোট এন্টারপ্রাইজগুলোকে সহজ ও স্বল্প খরচে ঋণ সুবিধা দেয়ার একটি উদ্যোগ। প্লাটফর্মটি আগামী পাঁচ বছরের মধ্যে ২৫ হাজার ক্ষুদ্র ও ছোট এন্টারপ্রাইজকে সহজ ও স্বল্প খরচে ঋণ সুবিধা এবং যেকোনো ধরনের সহযোগিতা প্রদান করবে।