
“ডেমরা সমাজ কল্যাণ ক্রীড়া ও সাংস্কৃতির সংঘের সভাপতি সেলিম বক্স, সাধারণ সম্পাদক আরিফ মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো: রফিকুল ইসলাম কাজল”
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
দীর্ঘ নিষ্ক্রিয়তার পর নতুন উদ্যমে কার্যক্রম শুরু করেছে রাজধানীর ডেমরা থানার মাতুয়াইলের ৩৮ বছরের পুরোনো সামাজিক সংগঠন ‘সমাজকল্যাণ ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘ’।
সংঘের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। সেখানে অনুষ্ঠিত হয়েছে জরুরি সভা। এ সভায় সংঘের নতুন কমিটি গঠন করা হয়। এতে সেলিম বক্স বাবুকে সভাপতি, মো. আরিফ মোল্লাকে সাধারণ সম্পাদক এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক হয়েছে মো. রফিকুল ইসলাম কাজল ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৬৪নং ওয়ার্ডের কাউন্সিলর মাসুদুর রহমান মোল্লা (বাবুল)। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ সিটি করপোরেশনের ৬৪, ৬৫ ও ৬৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর নিলুফার ইয়াসমিন লাকি।
সভায় অন্যদের উপস্থিত ছিলেন মাতুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শান্তনূর খান, সমাজসেবা অধিদপ্তরের সমন্বয়ক-১-এর সভাপতি মো. দেলোয়ার হোসেন, সংগঠনের সাবেক সভাপতি হুমায়ূন কবির ভুইয়া, আফজাল হোসেন ও সংগঠনের কোষাধ্যক্ষ হালিম বক্স হিমু।
সভায় অতিথিরা বলেন, সমাজকল্যাণ ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘ মাতুয়াইলের একটি ঐতিহ্যবাহী সংগঠন। তিন যুগেরও বেশি সময় ধরে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে এ সংগঠন ভূমিকা রেখে আসছে। বিগত দিনে এ সংঘ যেমন অবদান রেখেছে, ভবিষ্যতেও রাখবে।
দীর্ঘদিন সংগঠনের কার্যক্রম স্থবির থাকলেও এখন থেকে নতুন উদ্যমে কাজের গতিশীলতা আসবে বলেও জানান তারা।
আলোচনা সভায় সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম কাজল বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে আমাদের এগিয়ে আসতে হবে। আজকের যুবসমাজ আমাদের ভবিষ্যতের চালিকাশক্তি। তরুণ ও যুবকদের কর্মসংস্থানের পাশাপাশি তাদের সমাজকল্যাণ ও সংস্কৃতিতে সম্পৃক্ত করতে হবে। তাহলে তরুণ-যুবকদের হতাশা ও কর্মচাঞ্চল্যহীনতা দূর হবে। তারা মাদকের রাস্তা ছেড়ে আলোর পথে এগিয়ে যাবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণ ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের সভাপতি সেলিম বক্স বাবু। তার সমাপনী বক্তৃতার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংঘের সাধারণ সম্পাদক আলহাজ মো. আরিফ মোল্লা।
সুত্র : জগো নিউজ












