বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর হোসেন সম্প্রতি বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন। ১৯৮৯ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে (প্রশাসন ক্যাডার) যোগদানের মাধ্যমে চাকরিজীবন শুরু করা জাহাঙ্গীর হোসেন বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, মহিলা বিষয়ক অধিদপ্তর, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ কিছু মন্ত্রণালয় ও অধিদপ্তরে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব ছিলেন।
মো. জাহাঙ্গীর হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি দেশে বিভিন্ন বুনিয়াদি ও পেশাদারি প্রশিক্ষণ গ্রহণ করেন। এছাড়া সিঙ্গাপুর ও থাইল্যান্ডে দুটি স্বল্পমেয়াদি প্রশিক্ষণ কর্মশালায়ও অংশগ্রহণ করেন তিনি।
সরকারি বৃত্তি নিয়ে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বার্মিংহাম থেকে পাবলিক ইকোনমিক ম্যানেজমেন্ট অ্যান্ড ফিন্যান্স বিষয়ে পুনরায় মাস্টার্স ডিগ্রি অর্জনকারী মো. জাহাঙ্গীর হোসেন দেশ-বিদেশে বিভিন্ন বৈঠক, সেমিনার, কনফারেন্স ও কর্মশালায় অংশ নেন। তিনি দাপ্তরিক কাজে থাইল্যান্ড, চীন, ভিয়েতনাম, হংকং, সিঙ্গাপুর, ভারত, নেপাল, মাল্টা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মানি, সুইডেন, ইতালি, ফ্রান্স, ডেনমার্ক, তুরস্ক ও সৌদি আরব সফর করেছেন। বিজ্ঞপ্তি











