অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
পুঁজিবাজারে আলোচিত ফ্লোরপ্রাইস সহসাই উঠছে না। দৈনিক বাণিজ্য প্রতিদিনকে বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবাইয়াত-উল-ইসলাম।
তিনি বলেন, ফ্লোরপ্রাইস স্থায়ী কোনও সমাধান নয়। এতে মার্কেটে লেনদেন কম হয়। কিন্তু বিনিয়োগকারীদের স্বার্থের কথা চিন্তা করে আমরা ফ্লোরপ্রাইস আরোপ করেছি। আপাতত এটা তুলে দেয়া হচ্ছে না। তবে এর বিকল্প আমরা চিন্তা করছি। কিন্তু বিনিয়োগকারীগণ ক্ষতিগ্রস্ত হতে পারেন এমন কোনও সিদ্ধান্ত আমরা নিব না।
ডলারের মূল্যবৃদ্ধি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে খাদ্য সরবরাহ সংকটসহ নানা কারণে পুঁজিবাজার ক্ষতিগ্রস্ত হচ্ছে জানিয়ে তিনি বলেন আমরা সম্মিলিতভাবে এই সংকট কাটিয়ে উঠব। তিনি বলেন, সংকটের সময় গুজব ডালপালা মেলে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। অধ্যাপক রুবাইয়াত এসময় গণমাধ্যমকর্মীদের সহায়তা চান, যাতে গুজব প্রতিরোধ করা যায়।
প্রসঙ্গত; ফ্লোরপ্রাইস উঠিয়ে দেয়া হবে এই গুজবে পুঁজিবাজারে দরপতন হতে থাকে।
এই সপ্তাহের শুরুতে দরপতন দিয়েই শুরু হয় পুঁজিবাজারের লেনদেন। সপ্তাহের শুরুতে ১৩ নভেম্বর ডিএসইএক্স সূচক ৪৮.৯৪ পয়েন্ট কমে ৬৩০৪.৮৩ ছিল। ১৪ নভেম্বর তা ৫১.৩৪ পয়েন্ট কমে ৬২৫৩.৪৯ এর ঘরে আসে।












