
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
মালয়েশিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের পর তৃতীয় দেশ হিসেবে এবার যুক্তরাজ্য প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। গতকাল বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যায় যুক্তরাজ্যে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে লাইভ ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনলাইন নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করেন সিইসি।
যুক্তরাজ্যের বাংলাদেশ দূতাবাস থেকে সিইসি এবং যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং বাংলাদেশে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে লাইভ অনুষ্ঠানে অংশ নেন নির্বাচন কমিশনার মো: রফিকুল ইসলাম, কবিতা খানম ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী। এ ছাড়াও নির্বাচন কমিশনের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। ভিডিও কনফারেন্সে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশীদের ভোটার নিবন্ধন আবেদনের জন্য বিশেষ ধরনের পোর্টাল উদ্বোধন করেন সিইসি। তিনি জানান, উদ্বোধন কার্যক্রম চলার সময়ই এই অনলাইন পোর্টালে ২৪টি আবেদন পড়েছে।
নূরুল হুদা বলেন, আপনারা আবেদন করবেন অনলাইনে। যত তাড়াতাড়ি সম্ভব সেগুলো সম্পন্ন করে আবার আপনাদের কাছে ফিরিয়ে দেবো। ছবি তুলে নিয়ে যাওয়া হবে, বায়োমেট্রিক হবে। উন্নত প্রযুক্তির মাধ্যমে জাতীয় পরিচয়পত্র দেয়া হবে। ভোটার হিসেবে আপনারা নিবন্ধিত হবেন। পরবর্তীকালে এখানে বসে বাংলাদেশে কিভাবে ভোট দিতে পারবেন, সেই ব্যবস্থাও করা হবে।
ইসি কর্মকর্তারা জানান, যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশীরা অনলাইনে ইসির নির্দিষ্ট ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্যাদি প্রদান করে আবেদন করতে পারবেন। পরবর্তীতে প্রাপ্ত তথ্যাদি যাচাই-বাছাই করে প্রবাসেই বায়োমেট্রিক সংগ্রহসহ স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান করা হবে।
আবেদনের সাথে যেসব দলিল সংযুক্ত করতে হবে : বৈধ পাসপোর্টের কপি, বিদেশী পাসপোর্টধারী হলে দ্বৈত নাগরিকত্ব সনদের কপি বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিপত্র, বাংলাদেশের নাগরিক হিসেবে শনাক্তকারী একজন প্রবাসী বাংলাদেশী নাগরিকের পাসপোর্টের কপি, বাংলাদেশে বসবাসকারী রক্তের সম্পর্কের কোনো আত্মীয়ের নাম- মোবাইল নম্বর-এনআইডি নম্বরসহ অঙ্গীকারনামা, বাংলাদেশে কোথাও ভোটার হয়নি মর্মে লিখিত অঙ্গীকারনামা ও সংশ্লিষ্ট দূতাবাসের প্রত্যয়নপত্র। এর আগে ২০১৯ সালের ১৮ নভেম্বর দুবাই প্রবাসীদের মাঝে এ কার্যক্রম শুরু করে ইসি। তার আগে একই বছর ৫ নভেম্বর মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশী নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রম শুরু হয়। এরই মাধ্যমে প্রবাসী বাংলাদেশী নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের দ্বার উন্মোচিত করে নির্বাচন কমিশন।










