পোস্ট অফিসের আর্থিক সেবা ‘নগদ’ উদ্বোধন প্রধানমন্ত্রীর

অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক :
বাংলাদেশ পোস্ট অফিসের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে তিনি এ সেবার উদ্বোধন করেন। তৃণমূলের ব্যাংকিং সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে আর্থিক লেনদেনের বৈধ সুবিধা দিতে ডাক বিভাগ এ সেবা চালু করেছে। এ সেবার মাধ্যমে যে কেউ কম খরচে দ্রুত ও নিরাপদে আর্থিক লেনদেন করতে পারবে।
নগদ আর্থিক সেবা হচ্ছে বাংলাদেশ ডাক বিভাগের একটি সম্প্রসারিত ডিজিটাল আর্থিক সেবা, যা বিভিন্ন ডিজিটাল চ্যানেল যেমন অ্যাপ, স্মার্টফোন ও ফিচার ফোন, এটিএম, পিওএস টার্মিনাল, এনএফসি এনাবলড ডিভাইস, চিপ, ইলেকট্রোনিক্যালি এনাবলড কার্ড, বায়োমেট্রিক ডিভাইস, ট্যাবলেটসহ ডিজিটাল সিস্টেমের মাধ্যমে দ্রুততার সঙ্গে আর্থিক লেনদেন সম্পাদনে সক্ষম।
নগদের মাধ্যমে দেশের আর্থিক অন্তর্ভুক্তির বাইরে থাকা সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশীদের মূলধারার অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত করা সম্ভব হবে। আর্থিক অন্তর্ভুক্তির বাইরে থাকা ৬৬ শতাংশ জনগোষ্ঠীকে এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আর্থিক মূলধারার সঙ্গে যুক্ত করার লক্ষ্যে নগদ কাজ করবে।
নগদের মাধ্যমে গ্রাহকরা ক্যাশ ইন, ক্যাশ আউট, সেন্ড মানি ও মোবাইল টপ আপ করতে পারবেন। অ্যাপের মাধ্যমে প্রতি ১ হাজার টাকা ক্যাশ আউটে ১৭ টাকা সার্ভিস চার্জ দিতে হবে। অ্যাপ ব্যবহার ছাড়াও নগদ নিবন্ধিত গ্রাহকরা *১৬৭# ডায়াল করে সেবা নিতে পারবেন।