“আমলাদের চাতুরতায় উপর মন্ত্রী মান্নান অসন্তুষ্ট”


অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
আমলাতন্ত্রের ওপর বিরক্তি প্রকাশ করলেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, উপনিবেশিক আমলের নানা অপ্রয়োজনীয় বিধিবিধান পরিবর্তন করতে চেয়েও তারা পারছেন না দুষ্টু আমলাদের চাতুরির কারণে।সাবেক এই আমলা প্রকল্প বাস্তবায়নে দায়িত্বে থাকা কর্তাব্যক্তিদের প্রয়োজনের সময় স্ব-স্থানে খুঁজে পাওয়া যায় না বলে ক্ষোভ জানিয়েছে।
তিনি বলেন, আমলাদের জবাবদিহির আওতায় আনতে যে নিয়মকানুনগুলো আছে তা কঠোর নয়। এখন সময় এসেছে আইনকানুনের সংস্কারের। তবে সেগুলো পারা যাচ্ছে না।
বুধবার রাজধানীর লেক শোর হোটেলে ‘সরকারি অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন’ শীর্ষক এক গণ সংলাপে এমনটা জানান তিনি।
বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ, সিপিডি ও এশিয়া ফাউন্ডেশন আয়োজিত এই সংলাপে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রশাসনের অনেক বিধি অপ্রয়োজনীয়। ব্রিটিশ, পাকিস্তানি ও সামরিক শাসকেরা এসব করেছেন, যার এখন কোনো বাস্তবতা নেই। কিন্তু অনেক দুষ্টু আমলা এসব বিধান চাতুরির সঙ্গে কাজে লাগাচ্ছেন।
‘প্রধানমন্ত্রীর নির্দেশ আছে এসব বদলানোর, তা সত্ত্বেও এসব পরিবর্তন করা যাচ্ছে না। আইনকে আইন দিয়ে প্রতিস্থাপন করতে হবে। আমরা সেই চেষ্টা করে যাচ্ছি।’
এম এ মান্নান বলেন, ‘সরকারের অন্যতম লক্ষ্য জনগণকে তুষ্ট রাখা হলেও অনেক সময় আমলাতান্ত্রিক আইনের ধারার কারণে সম্ভব হচ্ছে না।’সাবেক এই আমলা মন্ত্রী প্রকল্প পরিচালকদের আচরণেও বিরক্তি প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছেন প্রকল্প পরিচালক। কিন্তু দেখা যায়, পঞ্চগড়ের কোনো প্রকল্পের পরিচালক ঢাকায় থাকছেন, এটা জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কাজের কাছে কেউ থাকতে চাচ্ছেন না। জেলা-উপজেলা পর্যায়ে অনেক গুরুত্বপূর্ণ পদাধিকারীকে পাওয়া যায় না; তাদের নাটাই ঢাকায়, কিন্তু সুতা কাটা যাচ্ছে না।’
সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য এনামুল হক।
প্যানেল আলোচক ছিলেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি রিজওয়ান রহমান, পলিসি এক্সচেঞ্জ অফ বাংলাদেশের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ।
সুত্র : শেয়ার নিউজ