৩০ দিন ডেস্ক :
নেতৃত্ব, ঝুঁকি ও প্রবৃদ্ধির সুযোগের মূল্যায়ন এবং অর্থনীতিতে ভবিষ্যৎ প্রতিকূলতা চিহ্নিতকরণ নিয়ে রাজধানীতে ‘ঢাকা সিএক্সও সামিট ২০১৮’ উদযাপন হলো।
রোববার লাইটহাউস বাংলাদেশের আয়োজনে ও লঙ্কাবাংলা ফাইন্যান্স লিমিটেডের পৃষ্ঠপোষকতায় রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে সম্মেলনটি অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সম্মেলনের শুরু হয় প্রাতিষ্ঠানিক, ব্যক্তিক ও আর্থিক উৎকর্ষ নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপনের মাধ্যমে। মূল প্রবন্ধ উপস্থাপন করেন গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন, মার্কস অ্যান্ড স্পেনসার বিডি’র কান্ট্রি হেড স্বপ্না ভৌমিক এবং ইস্টার্ন ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হাসান ও রশিদ।
সম্মেলনে, ভবিষ্যতের প্রতিকূলতা সম্মুখীনে আগামী দিনের নেতৃত্ব প্রস্তুত করে তুলতে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক নেতৃত্ব নিয়ে প্রচলিত ধারণা ও অনুশীলনের ব্যাপারে আলোচনা করা হয়।
লঙ্কাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী খাজা শাহরিয়ার বলেন, ‘ব্যক্তিগত কিংবা প্রাতিষ্ঠানিক, জীবনের প্রতিটি ক্ষেত্রেই যোগ্য নেতৃত্ব সফলতার মূল চাবিকাঠি। আর ‘প্রকৃষ্টতা’ই যোগ্য নেতৃত্বের সবচেয়ে প্রয়োজনীয় গুণ।’
সম্মেলনটি সঞ্চালনা করেন লাইটহাউস বাংলাদেশের প্রধান নির্বাহী নাজমুস আহমেদ আলবাব। এ ছাড়া উপস্থিত ছিলেন ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শেহজাদ মুনিম, মাস্টার কার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ এম কামাল, ব্র্যাকের জ্যেষ্ঠ পরিচালক আসিফ সালেহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, রবি আজিয়াটা লিমিটেডের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক মাহতাব উদ্দিন আহমেদ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আনিস এ খান এবং বাংলাদেশ ফেডারেশন অব উইমেন এন্টারপ্রেনারশিপের প্রেসিডেন্ট রোকেয়া আফজাল রহমান। বিজ্ঞপ্তি।











