বাংলাদেশে ব্যবসা খুঁজছে ভারতের ক্লার্কস ইন

অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক :
বাংলাদেশের পর্যটন শিল্পে উজ্জল ভবিষ্যত দেখতে পেয়ে এই দেশে হোটেল-মোটেল ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত হতে অংশীদার খুঁজছে ভারতের অন্যতম প্রতিষ্ঠান ক্লার্কস ইন। ঢাকার রাজধানীর ওয়েস্টিন হোটেলে সংবাদ সম্মেলনে এই মনোভাবের কথা জানান ক্লার্কস ইন গ্রুপ অব হোটেলের সভাপতি এস এন শ্রীবাস্তব।
তিনি বলেন, একটি উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশে পর্যটন শিল্পের ভবিষ্যত খুবই উজ্জল। সম্ভাবনার দিক বিবেচনা করে আমরা এই দেশের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত হয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।
ইতোমধ্যেই ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার ও সুন্দরবন অঞ্চলের হোটেল মালিকদের সঙ্গে আমরা যোগাযোগ শুরু করেছি। অচিরেই ভালো কিছু সিদ্ধান্ত আসবে বলে আশা করি।
২০০৬ সালে আমাদের যাত্রা শুরু। এখন ভারতের অন্যতম উদীয়মান পর্যটন সেবাদাতা প্রতিষ্ঠান হিসাবে পরিচিতি লাভ করেছে ক্লার্কস ইন। ভারতের ২০টি রাজ্যে ও নেপালে তাদের মোট একশটি শাখা রয়েছে। তাই আমাদের ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত হলে এই দেশের প্রতিষ্ঠানগুলো অবশ্যই নেটওয়ার্ক বিস্তৃত করার ক্ষেত্রে সুবিধা পাবেন।
অনুষ্ঠানে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান আখতারুজ্জামান খান কবির বলেন, সরকারি সংস্থা পর্যটন করপোরেশন পর্যটক ব্যবস্থাপনার বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে। কিছু বেসরকারি প্রতিষ্ঠানও এর সঙ্গে যুক্ত হয়েছে। এক্ষেত্রে কাজের মানের দিকে বেশি নজর দিতে হবে। কেবল প্রশিক্ষণ দিয়ে সনদ হস্তান্তরই বড় কথা নয়। বরং তাদের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে জানানো হয়, গত মাসে নেপালের একটি হোটেল কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে প্রথমবারের মতো বিদেশে ব্যবসার বিস্তৃতি করেছে ক্লার্কস। এখন বাংলাদেশে কোনো প্রতিষ্ঠিত হোটেলের সঙ্গে চুক্তিবদ্ধ হলে দক্ষিণ এশিয়ায় তাদের ব্যবসা আরও বিস্তৃত হবে।