নিজস্ব প্রতিবেদক
মুনাফাকেন্দ্রিক ব্যবসা ছেড়ে ব্যাংকগুলোকে মানব সম্পদ উন্নয়নে বিনিয়োগের আহ্বান জানিয়ে শেষ হল দুই দিনব্যাপী আঞ্চলিক ব্যাংকিং সম্মেলন।
সোমবার সম্মেলনের শেষ দিনে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা এ আহ্বান জানান বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের ব্যাংকার ও গবেষকদের জ্ঞান, অভিজ্ঞতা ও গবেষণালব্ধ তথ্য-উপাত্ত নিজেদের মধ্যে বিনিময়ের লক্ষ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) আয়োজনে এবারের সম্মেলনই প্রথম আসর।
এতে বাংলাদেশসহ ভারত, নেপাল ও ভুটানের চার শতাধিক ব্যাংকের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা, বিশেষজ্ঞ ও গবেষকরা অংশ নেন।
সম্মেলনের দ্বিতীয় দিন দুইটি অধিবেশন অনুষ্ঠিত হয়, যাতে বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা ব্যাংকের বিভিন্ন কার্যক্রমের ওপর তাদের প্রবন্ধ উপস্থাপন করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দক্ষিণ এশিয়ার ব্যাংকিং খাতের মানব সম্পদ উন্নয়ন’ শীর্ষক অধিবেশনে আলোচকরা ব্যাংকিং খাতের মানবসম্পদ উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করেন।এজন্য ব্যাংকগুলোকে যথার্থ পরিমাণ বিনিয়োগ করা প্রয়োজন বলে মত দেন তারা।
এছাড়া ব্যাংকগুলোকে শুধু মুনাফাকেন্দ্রিক ব্যবসা না করে কিভাবে দক্ষ জনশক্তি গড়া যায় সে বিষয়ে মনোনিবেশ করা উচিত বলে মন্তব্য করেন আলোচকরা।
সম্মেলনে সহযোগী সদস্য হিসেবে ছিল ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (এনআইবিএম), ভুটানের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ট্রেনিং ইনস্টিটিউট (এফআইটিআই) ও নেপালের ন্যাশনাল ব্যাংকিং ইনস্টিটিউট (এনবিআই)।
সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং খাত সংস্কার বিষয়ক উপদেষ্টা এস কে সুর চৌধুরী, বাংলাদেশ ইন্টারন্যাশনাল আর্বিট্রেশন সেন্টারের প্রধান নির্বাহী এ রুমী আলী, বিআইবিএমের মহাপরিচালক তৌফিক আহমদ চৌধুরী, ভারতের এনআইবিএম পরিচালক কে এল ধিঙ্গারা, নেপালের এনবিআই প্রধান নির্বাহী সানজিত সুব্বা, ভুটানের এফআইটিআই প্রধান মানবসম্পদ কর্মকর্তা পিনজোর জিলিটসন ও কমার্শিয়াল ব্যাংক অব সিলনের কান্ট্রি ম্যানেজার ভারুনা প্রিয়শান্তা কোলামুন্না আলোচনায় অংশ নেন।












