
অর্থনীতির ৩০ দিন সংবাদ :
গত ১৩ ফেব্রুয়ারি লাইফ বীমা কোম্পানিগুলোর ভার্চুয়াল সভা বাতিলের ঠিক ৬ দিনের মাথায় এবার নন লাইফ বীমা কোম্পানিগুলোর ভার্চুয়াল সভা বাতিল করলো বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এখন থেকে পরিচালনা পর্ষদের সভা এবং পরিচালনা পর্ষদের কমিটির সভায় সশরীরে উপস্থিত থাকতে হবে।
আজ ১৯ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
আইডিআরএ’র উপ-পরিচালক (নন-লাইফ) মো. সোলায়মান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ১৭৯তম সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে, লাইফ এবং নন-লাইফ বীমাকারী কোম্পানিসমূহের পরিচালনা পর্ষদের সভা এবং পরিচালনা পর্ষদের কোনো কমিটির সভা ভার্চুয়ালি করা যাবে না একইসাথে পর্ষদের কোনো সভায় কোনো ব্যক্তি ভার্চুয়ালি উপস্থিত থাকতে পারবে না এবং প্রত্যেককে সকল প্রকার সভায় অবশ্যই সশরীরে অংশগ্রহণ করতে হবে।
বিজ্ঞপ্তিতে আদেশ যথাযথভাবে পরিপালন করার জন্য অনুরোধ করেছে আইডিআরএ।
উল্লেখ্য, এর আগে গত ১৩ ফেব্রুয়ারি আইডিআরএ’র পরিচালক আহম্মদ এহসান উল হান্নান স্বাক্ষরিত এক সার্কুলারে, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদের সভা এবং পরিচালনা পর্ষদের কোন কমিটির ভার্চুয়ালি না করা নির্দেশনা দেয়া হয়।













