একসঙ্গে দুই বছরের এজিএম ডেকেছে ফার্স্ট ফিন্যান্স

অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক :
২৭ সেপ্টেম্বর একসঙ্গে ২০১৬ ও ২০১৭ হিসাব বছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে ফার্স্ট ফিন্যান্স লিমিটেড। তবে বিলম্বিত এ সভা আয়োজনে উচ্চ আদালতের অনুমতি প্রয়োজন হবে তাদের। গতকাল স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, লোকসানের কারণে ২০১৭ সালের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানটি।
সোমবার পরিচালনা পর্ষদের সভা শেষে ফার্স্ট ফিন্যান্স জানায়, উচ্চ আদালতের স্থগিতাদেশের কারণে ২০১৬ হিসাব বছরের জন্য আহ্বান করা ২৪তম এজিএম সম্পন্ন করতে পারেনি কোম্পানি। তবে স্থগিতাদেশের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এখন শুধু বিলম্বিত এজিএমের অনুমতি পেলেই তারা সভাটি সম্পন্ন করতে পারবে। সে সভার রেকর্ড ডেট ছিল ২০১৭ সালের ২৩ মে। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ৫ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ করেছিল ফার্স্ট ফিন্যান্সের পর্ষদ। বছর শেষে শেয়ারপ্রতি ৪৩ পয়সা নিট মুনাফা (ইপিএস) দেখায় কোম্পানিটি, আগের বছর যা ছিল মাত্র ৮ পয়সা। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ১৩ টাকা ৫০ পয়সায়।
এদিকে ২০১৭ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৬২ পয়সা। গত ৩১ ডিসেম্বর এনএভিপিএস নেমে আসে ১০ টাকা ৮৮ পয়সায়। এজন্য কোনো লভ্যাংশ সুপারিশ করেনি কোম্পানিটির পর্ষদ। তবে ২৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে ২৪তম এজিএম সম্পন্ন করার পর একই স্থানে দুপুর ১২টায় ২৫তম এজিএমে শেয়ারহোল্ডারদের সামনে ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য এজেন্ডা উত্থাপন করবে কোম্পানি। ২৫তম এজিএমের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ আগস্ট।
চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৯৮ পয়সা, আগের বছর একই সময়ে যেখানে শেয়ারপ্রতি লোকসান ছিল ৪৭ পয়সা। দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) এ কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২৮ পয়সা, আগের বছর একই সময়ে যেখানে ইপিএস ছিল ৩৫ পয়সা। টানা কয়েক প্রান্তিকের লোকসানে গত ৩০ জুন এনএভিপিএস ৮ টাকা ৮৯ পয়সায় নেমে এসেছে।
প্রসঙ্গত, সঞ্চিতি ঘাটতি সত্ত্বেও ২০১৬ হিসাব বছরের জন্য স্টক লভ্যাংশ ঘোষণার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে শেয়ারহোল্ডারের দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে গত বছর ফার্স্ট ফিন্যান্সের এজিএমের ওপর স্থগিতাদেশ দিয়েছিল হাইকোর্ট।
ঢাকা স্টক এক্সচেঞ্জে গতকাল ফার্স্ট ফিন্যান্স শেয়ারের সর্বশেষ দর ১ দশমিক ৫২ শতাংশ বা ১০ পয়সা বেড়ে দাঁড়ায় ৬ টাকা ৭০ পয়সায়। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন দর ছিল ৬ টাকা ও সর্বোচ্চ দর ১৫ টাকা ৪০ পয়সা।
২০০৩ সালে শেয়ারবাজারে আসা প্রতিষ্ঠানটির বর্তমান পরিশোধিত মূলধন ১১৬ কোটি ২২ লাখ টাকা। ২০১৫ সাল শেষে রিজার্ভ ছিল ৩৫ কোটি ৬৫ লাখ টাকা। বর্তমানে কোম্পানির মোট শেয়ারের ৪১ দশমিক ৪৫ শতাংশ শেয়ার এর উদ্যোক্তা-পরিচালকদের কাছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ১৮ দশমিক ৬১ এবং বাকি ৩৯ দশমিক ৯৪ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।