
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
“জাতীয় শোক দিবস” পালনের ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড এর প্রধান কার্যালয়ে গত ২৯ আগস্ট এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন। মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির সিনিয়র কনসালট্যান্ট এবিএম নুরুল হক।
কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন তাঁর বক্তব্যে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যাকান্ডকে একটি ভয়াবহ ও নারকীয় হত্যাকান্ড হিসেবে অভিহিত করে এটিকে এদেশের ইতিহাসের এক দুঃখজনক ঘটনা হিসেবে উল্লেখ করেন এবং হত্যাকান্ডের তীব্র নিন্দা জানান। স্বাধীনতা বিরোধী শক্তি ৩০ লক্ষ শহীদের প্রানের বিনিময়ে অর্জিত স্বাধীনতার মূল্যবোধ মুছে ফেলা এবং দেশকে নেতৃত্বশূণ্য করার ব্যর্থ চেষ্টা করেছিল। সেই অপশক্তি ২১ আগস্ট আবারো গ্রেনেড হামলা করে-যা স্বাধীনতার পক্ষের শক্তিকে দূর্বল করার
একটি অপচেষ্টা। এই শক্তিটি এখনো বিভিন্ন সংগঠনের মধ্যে ঘাপটি মেরে নানা রকম ষড়যন্ত্র করে যাচ্ছে। মহান স্বাধীনতা সংগ্রামে বাঙালী জাতি যেমন ঐক্যবদ্ধ ছিল ঠিক তেমনি স্বাধীনতার মূল্যবোধে বিশ^াসী জনগনকে ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করতে হবে বলে তিনি উল্লেখ করেন।
আলোচনা সভার মূল আলোচক হিসেবে কোম্পানির সিনিঃ কনসালটেন্ট এ বি এম নুরুল হক- বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন এবং এদেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্বের বিভিন্ন দিক
সম্পর্কে তিনি আলোকপাত করেন। জনাব হক তাঁর ছাত্রজীবন থেকে বিভিন্ন অনুষ্ঠানে, সভা সমিতিতে এবং ব্যক্তিগত সাক্ষাতে যেভাবে বঙ্গবন্ধুকে দেখেছেন তার স্মৃতিচারণ করেন। বঙ্গবন্ধু দেশের জন্য তাঁর জীবনকে বিসর্জন দিয়েছেন।
বঙ্গবন্ধু তাঁর ৭ই মার্চের ভাষণে বলেছিলেন “রক্ত যখন দিয়েছি-রক্ত আরও দেবো, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ”। তিনি উল্লেখ করেন যে, বঙ্গবন্ধু ছিলেন একজন বলিষ্ঠ সংগঠক, রাজনৈতিক প্রজ্ঞার অধিকারী এবং সংকটকালে জাতিকে সঠিক পথ প্রদর্শন করার বিরল গুণের অধিকারী। বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টার জন্য তিনি প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানান এবং তাঁর দীর্ঘায়ু কামনা করেন। একইসাথে ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধুর পরিবারের সদস্যসহ অন্যান্যদের রূহের মাগফেরাত কামনা করেন ।
আলোচনা সভায় কোম্পানীর উর্ধ্বতন নির্বাহী কর্মকর্তাবৃন্দ সহ সকল শাখা ব্যবস্থাপকবৃন্দ স্বশরীরে এবং ভার্চুয়ালি অংশগ্রহণ করেন এবং বঙ্গবন্ধুর জীবনাদর্শ অনুসরণ করে দেশের কল্যাণে কাজ করার প্রতিজ্ঞা গ্রহণ করেন। আগস্টের শোককে শক্তিতে রূপান্তর করে স্বাধীনতা বিরোধীদের চক্রান্ত সম্পর্কে সবাইকে সজাগ থাকার আহবান জানানো হয়। সভার শেষে ১৫ আগস্ট কালরাত্রিতে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।












