
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ২০২৩ সালের প্রথম ছয় মাসে ১৮৯.৬৮ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ২৫.৯২% বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটি ২০২৩ সালের জানয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে মোট ৬০,১৫২টি বীমা দাবি নিষ্পত্তি করেছে, যার মধ্যে রয়েছে মৃত্যু দাবি, মেয়াদপূর্তি দাবি এবং চিকিৎসা দাবিসহ অন্যান্য বীমা সুবিধা। দাবি নিষ্পত্তির গড় সময় ছিল ৫ কার্যদিবস।
উল্লেখ্য ২০২২ সালে, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ৩১৫.৭৫ কোটি টাকার দাবি পরিশোধ করেছে এবং দাবি নিষ্পত্তির অনুপাত ছিল ৯৮%। অর্থাৎ, জীবন বীমা কোম্পানীটি ২০২২ সালে গ্রাহকের দায়ের করা সমস্ত দাবির ৯৮% পরিশোধ করেছে।
প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ জালালুল আজিম বলেন,আমরা আমাদের গ্রাহকদের দ্রুত এবং ঝামেলামুক্ত দাবি প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আমাদের দাবি প্রক্রিয়াকরণের সময়কে আরও উন্নত করার জন্য কাজ করছি, যাতে আমাদের গ্রাহকরা যত তাড়াতাড়ি সম্ভব তাদের বীমা দাবি গ্রহণ করতে পারেন। তিনি আরও বলেন, আমরা বিশ্বাসী করি গ্রাহকসেবার প্রতি আমাদের যে অঙ্গীকার, বাংলাদেশে জীবন বীমার জন্য গ্রাহকের আদর্শ পছন্দ হিসাবে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের নাম সর্বাগ্রে থাকবে।












