শিরোনাম : নিঃশব্দ আকাঙ্খা (দুষ্টি কলম)


কলমে : খোন্দকার জিল্লুর রহমান

তোমার অদৃশ্য শক্তির টানে আমি অবলিলায় ভেসে চলেছি
পাড়ের সীমানা কখনো জানতে চাইনি,
তোমার অদৃশ্য মায়ার বেড়াজালে আমি বাঁধা পড়ে আছি
ছুটে বেরিয়ে আসার পথ খুঁজে পাইনি।

তোমার দৃষ্টির বুলেটের স্প্রিন্টারের আঘাতে আমি ঝাঁঝরা হয়েছি
তবুও তোমায় একটুও ভুলে থাকতে পারিনি,
ক্ষত-বিক্ষত দেহে তোমার বন্দুকের নলের সামনে থমকে দাঁড়িয়েছি
নিজেকে ফিরিয়ে নিতে কবু একবারও চেষ্টা করিনি।

তোমার তপ্ত ললাটের অদৃশ্য মায়ায় চুপি চুপি দুটো চুমু দিয়ে রেখেছি
প্রতিদান একটুও কখনো ফিরে পাওয়ার আশা করিনি,
তোমার হৃদয়হীন অনুভুতিতে শব্দহীন ভাষায় একাকি দাঁড়িয়ে থেকেছি
জাগিয়ে তোলার কথা ভুলেও কখনো একটুও ভাবিনি।

হাত দুটো তোমার ধরতে চেয়েছিলাম শক্ত হাতে নিজের মত করে
সরিয়ে নিয়েছ তোমার দুহাত কেনো ধরতে দাওনি আমাকে,
নিকশ আঁধারে সাঁতরিয়ে অবগাহন করতে চেয়েছি তোমার নোনাজলে
শুকিয়ে রেখেছ তোমার হৃদয় ডুবাওনি অবগাহনে নিজেকে।

তুমিযে আমার নীল-পদ্ম,নীলাঞ্জনা, নীল কন্ঠি হৃদয়ের অতল তলে
হারাতে দেইনি সাত-পাঁচ ভেবেও কোন দিন কোন কালে,
তুলে এনেছি ভেলায় ভাসিয়ে গোলাপের মত করে রেখেছি অন্তরে
জিইয়ে রেখেছি আকন্ঠ মগনজলে কি বা সন্ধা কি বা সকালে।

তোমার অভিলাষী মন যদি কোনদিন যখন চাইবে আমায় কাছে পেতে
সেদিন হয়তো শরীরে থাকবেনা শক্তি তোমাকে দরজা খুলে দিতে,
স্বচ্ছ কাঁচের ওপাশে তোমার আর এপাশে আমার ঝরবে অশ্রু বিন্দু
অতৃপ্ত ভাসনায় অব্যক্ত কথনে মাঝ খানে বয়ে যাবে বিষাদ সিন্ধু…. ।