ইস্কান্দার মিয়া কেন্দ্রীয় ব্যাংকের নতুন ইডি

৩০ দিন প্রতিবেদক :
বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক থেকে নির্বাহী পরিচালক (ইডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন মো. ইস্কান্দার মিয়া। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের মানব সম্পদ বিভাগের এক আদেশে তার এ পদোন্নতির কথা জানানো হয়।
ইস্কান্দার মিয়া ১৯৮৮ সালে বাংলাদেশ ব্যাংকের সহাকারী পরিচালক পদে যোগদান করেন। যোগদানের পর তাকে প্রেষণে সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন লিমিটেডে পাঠানো হয়। এরপর তিনি কেন্দ্রীয় ব্যাংকের মানব সম্পদ উন্নয়ন, বৈদেশিক মুদ্রা নীতি, ব্যাংকিং প্রবিধি ও নীতি, বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, কৃষি ঋণ বিভাগ, বাংলাদেশ ব্যাংকের রংপুর অফিস, এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট, বৈদেশিক মুদ্রা পরিদর্শন, পেমেন্ট সিস্টেম ও গভর্নর সচিবালয়ে দায়িত্ব পালন করেন।
২০১২ সালের অক্টোবরে মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতির পাওয়ার পর তাকে বৈদেশিক মুদ্রা পরিদর্শক বিভাগের দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব নিয়ে তিনি বেসরকারি খাতে বিদেশি ঋণের অপব্যবহার ঠেকানো ও রপ্তানিতে মিথ্যা তথ্যে সরকারি নগদ সহায়তার অপব্যবহারসহ বৈদেশিক মুদ্রা বাণিজ্যে বিভিন্ন অনিয়ম প্রতিরোধে পরিদর্শন কার্যক্রম জোরদার করেন।