অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক :
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে বিদ্যুৎ বাণিজ্য সার্ক অঞ্চলের অগ্রগতিতে অপরিসীম অবদান রাখবে। SAARC FRAMEWORK AGREEMENT FOR ENERGY COOPERATION (ELECTRICITY) স্বাক্ষরিত হয়েছে, বিমসটেকও (BIMSTEC) সহযোগিতা বাড়াতে কাজ করছে। বাংলাদেশের ২০৪০ সালের মধ্যে ৬০০০০ মেগাওয়াট বিদ্যুৎ লাগবে। এ জন্য বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৮০ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রয়োজন। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র (জিই) ২ বিলিয়ন ডলার, ইউরোপ ( সিমেন্স, জার্মানী, রাশিয়া) ১৫ বিলিয়ন ডলার, মধ্যপাচ্য ও অন্যান্য ১ বিলিয়ন ডলার, জাপান ৬.৬ বিলিয়ন ডলার ও চীন ৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগের চুক্তি করেছে। সরকারের দ্রুত সিদ্ধান্ত, ক্যাপাসিটি চার্জ, বিনিয়োগের রাষ্ট্রীয় নিরাপত্তা ইত্যাদি কার্যক্রম আরো বিনিয়োগকে আকৃষ্ট করছে।
শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ সন্ত্রনালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিমন্ত্রী গতকাল নেপালের রাজধানী কাঠমুন্ডুতে “বাংলাদেশ ও নেপাল বিদ্যুৎ খাতের সহযোগিতার মিথষ্ক্রিয়া” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
নেপালের এনার্জি ডিভেলপমেন্ট কাউন্সিল ও ইন্ডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসার এসোসিয়েশন, নেপাল – সহযোগিতায় নেপালে বাংলাদেশ দূতাবাস এ সেমিনারের আয়োজন করে।
প্রতিমন্ত্রী বলেন, পাওয়ার সিস্টেম মাষ্টার প্লান-২০১৬ অনুযায়ি ফুয়েল মিক্স বিদ্যুৎ খাতের সুষম উন্নয়নে অবদান রাখবে। মাষ্টার প্লান অনুযায়ি কয়লা হতে ৩৫%, গ্যাস হতে ৩৫%, নবায়নযোগ্য উৎস হতে ১০%, ক্রস বর্ডার ট্রেড হতে ১১%, নিয়ক্লিয়ার হতে ৬%, জলবিদ্যুৎ ও অন্যান্য উৎস হতে ৩% বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে।
নেপালের বিনিয়োগ বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা মহা প্রসাদ অধিকারি (Maha Prasad Adhikari) বলেছেন, ৮০০০ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ নেপালে বিনিয়োগ করতে পারে। ইন্ডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসার এসোসিয়েশন, নেপাল-এর পক্ষ থেকে বলা হয়েছে, নেপাল-বাংলাদেশ বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা সরাসরি করা গেলে উভয় পক্ষ আরো লাভবান হবে। অনুষ্ঠানে সেজন্য ক্রস বর্ডার গাউডলাইনে ত্রি-পাক্ষিক বা বহুপাক্ষিক বিষয়টি অন্তর্ভুক্ত করতে ভারতের সাথে আলোচনার বিষয়টি বহুল আলোচিত হয়।
নেপালের এনার্জি ডিভেলপমেন্ট কাউন্সিল-এর নির্বাহী কমিটির সদস্য সীমান্ত দাহালের সঞ্চালনায় অন্যান্যের মাঝে নেপালের এনার্জি ডিভেলপমেন্ট কাউন্সিল-এর নির্বাহী কমিটি প্রধান কুশাল গুরাং, ইন্ডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসার এসোসিয়েশন, নেপাল-এর প্রেসিডেন্ট শৈলেন্দ্র গোরাগেন ও নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফী বিনতে শামস বক্তব্য রাখেন।












