দেশের বীমা খাতে গত আট মাসে প্রায় ৩ হাজার ৩০০ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করা হয়েছে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কঠোর অবস্থান, কার্যকর পদক্ষেপ ও সুস্পষ্ট নির্দেশনার আলোকে বীমা কোম্পানিগুলো দাবি পরিশোধে এগিয়ে আসার কারণে এমনটি সম্ভব হয়েছে। আইডিআরএকে সম্পৃক্ত করে দেশের বিভিন্ন স্থানে বীমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজনও করছে বীমা কোম্পানিগুলো।
গতকাল আইডিআরএ কার্যালয়ে নন-লাইফ বীমা কোম্পানি গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কর্তৃক যমুনা গ্রুপের বীমা দাবির প্রায় ৩৮ কোটি টাকার চেক হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী। যমুনা গ্রুপের মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠান যমুনা স্পিনিং মিলস লিমিটেড ও যমুনা ডেনিমস লিমিটেডের বীমা দাবির প্রায় ৩৮ কোটি টাকা পরিশোধ করে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স। আইডিআরএর মধ্যস্থতায় এ চেক হস্তান্তর করা হয়। এতে সার্বিক আইনি সহায়তা দিয়েছে বীমা-বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান ইন্স্যুরেন্সকনসালট্যান্টবিডি।
চেক প্রদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশেনের (বিআইএ) প্রেসিডেন্ট শেখ কবির হোসেন, আইডিআরএর সদস্য বোরহান উদ্দিন আহমেদ, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের উপদেষ্টা নাসির এ. চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ফারজানা চৌধুরী, যমুনা গ্রুপের মহাব্যবস্থাপক (বাণিজ্য) এবিএম সামছুল হাসান, ইন্স্যুরেন্সকনসালট্যান্টবিডির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান টুংকু প্রমুখ। বিজ্ঞপ্তি












