নিউজিল্যান্ডে বিদেশিদের কাছে বাড়ি বিক্রি নিষিদ্ধ

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
নিউজিল্যান্ডে বিদেশি নাগরিকদের কাছে বাড়ি বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির পার্লামেন্ট। নিউজিল্যান্ডের মানুষের আবাসন সংকটের সমাধান করতে এবং গৃহায়ন ব্যবস্থাকে সাশ্রয়ী করতে এ নিষেধাজ্ঞা জারি হয়েছে। এ নিষেধাজ্ঞা শুধু অনাবাসী বিদেশিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তাছাড়া মুক্ত বাণিজ্য চুক্তির কারণে অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের নাগরিকদের ওপর এ নিষেধাজ্ঞা কার্যকর হবে না। খবর বিবিসি।
বেশ কিছুদিন ধরে গৃহায়ন সংকটে ভুগছে নিউজিল্যান্ড। কম মুনাফার হার, সীমিত আবাসন ও অভিবাসনকে কেন্দ্র করে সাম্প্রতিক বছরগুলোতে আবাসন খাতে মূল্য বেড়েছে। বাড়ির মালিকানা পাওয়ার বিষয়টি অনেকের সাধ্যের বাইরে চলে গেছে। বিদেশি ক্রেতারা বাড়ি কেনায় অবকাঠামো খাত ও বাড়ির দাম বাড়ছে বলে আশঙ্কা তৈরি হয়।
বিদেশি মালিকানা ও নিউজিল্যান্ডের বড় বড় শহরে আবাসন সংকটের বিষয়টি গত বছরের নির্বাচনে গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছিল। ওই ইস্যুকে কেন্দ্র করেই কনজারভেটিভ ন্যাশনাল পার্টির ৯ বছরের শাসনের অবসান হয়। এখন নিউজিল্যান্ডের ক্ষমতায় রয়েছে মধ্যম-বামপন্থি জোট সরকার। গত বুধবার আবাসন সংকট সমাধানে নিউজিল্যান্ডের পার্লামেন্টে ওভারসিজ ইনভেস্টমেন্ট অ্যামেন্ডমেন্ট নামে একটি বিল পাস করতে সক্ষম হয় তারা। ৬৩-৫৭ ভোটে বিলটি পাস হয়।
এ বিলের আওতায় বিদেশিরা এখন বেশিরভাগ বাড়ি কেনা থেকে নিষিদ্ধ থাকবে। তবে নতুন অ্যাপার্টমেন্টে সীমিত বিনিয়োগ করতে পারবে তারা। অবশ্য রেসিডেন্সি সুবিধাপ্রাপ্ত বিদেশিদের পাশাপাশি অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের অনাবাসী নাগরিকরা নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। নিউ জিল্যান্ডের বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নমন্ত্রী ডেভিড পার্কার পার্লামেন্টে পাস হওয়া বিলটিকে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’ বলে উল্লেখ করেছেন।