ব্লক মার্কেটে নিজের ১ কোটি ৬৩ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক :
সোস্যাল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের (এসআইবিএল) প্রতিষ্ঠাকালীন স্থানীয় উদ্যোক্তা পরিচালক ও সাবেক চেয়ারম্যান আবদুল আউয়াল পাটোয়ারি তার কাছে থাকা ব্যাংকটির সব শেয়ার বিক্রি করে দিচ্ছেন। ব্লক মার্কেটে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তিনি ১ কোটি ৬২ লাখ ৫৫ হাজার ১৩৭টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।
গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে আবদুল আউয়াল পাটোয়ারির সব শেয়ার বিক্রির ঘোষণাটি বিনিয়োগকারীদের জানিয়েছে এসআইবিএল। বর্তমানে এসআইবিএলের ৮১ কোটি ২১ লাখ ২৮ হাজার ৫০৬টি শেয়ারের মধ্যে ২ শতাংশ শেয়ারের মালিকানা ছিল আবদুল আউয়াল পাটোয়ারির হাতে। ব্লক মার্কেটে শেয়ার কেনাবেচার ক্ষেত্রে সাধারণত আগে থেকেই ক্রেতা-বিক্রেতা নির্ধারণ করা থাকে।
যোগাযোগ করা হলে আবদুল আউয়াল পাটোয়ারি বলেন, ‘ব্যক্তিগত কারণেই আমি ব্যাংকের সব শেয়ার বিক্রি করে দিচ্ছি। তাছাড়া আমি শারীরিকভাবেও অসুস্থ। তাই আমার কাছে থাকা ব্যাংকের শেয়ার বিক্রি করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। সম্ভবত বর্তমান শেয়ারহোল্ডারদের মধ্যেই কেউ এ শেয়ারগুলো কিনে নেবেন।’
উল্লেখ্য, প্রতিষ্ঠাকালীন উদ্যোক্তা আবদুল আউয়াল পাটোয়ারি ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত এসআইবিএলের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। পাটোয়ারি কোল্ড স্টোরেজ লিমিটেড, পাটোয়ারি পটেটো ফ্ল্যাক্স লিমিটেড, গ্রিনটেক গ্রিনহাউজ বাংলাদেশ লিমিটেডেরও চেয়ারম্যান তিনি। তাছাড়া তিনি ফয়সাল শপিং কমপ্লেক্স লিমিটেড ও ফয়সাল শিপিং লাইনসের ব্যবস্থাপনা পরিচালক।
সর্বশেষ প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) এসআইবিএলের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪১ পয়সা, যা এর আগের বছরের একই সময়ে ছিল ৩৬ পয়সা। ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৮৮ পয়সা।










