
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
ইউনিয়ন ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী পদে তালুকদার মো. জাকারিয়া হোসেনের পুনঃনিয়োগ অনুমোদন
ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে তালুকদার মো. জাকারিয়া হোসেনের পুনঃনিয়োগ প্রস্তাব অনুমোদন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
নিয়োগপত্রের শর্তাদি পরিপালন সাপেক্ষে ০৫ জানুয়ারি ২০২৫ থেকে ০৪ জানুয়ারি ২০২৮ তারিখ পর্যন্ত তিন বছরের জন্য তার এই নিয়োগ অনুমোদন করা হয়েছে।
গত ১৬ মার্চ কর্তৃপক্ষের উপ-পরিচালক (নন-লাইফ) মো. সোলায়মান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠিতে নিয়োগ অনুমোদনের কথা জানানো হয়।
তালুকদার মো. জাকারিয়া হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বিভাগ থেকে বিএ অনার্স সহ মাস্টার্স ডিগ্রী অর্জন করেন।
পরবর্তীতে ১৯৮৯ সালে ফেডারেল ইন্স্যুরেন্স অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ৩২ বছর যাবৎ তিনি নন লাইফ বীমা খাতে বিভিন্ন প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে কোম্পানি সচিব, উপ ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
ইতিপূর্বে তিনি মেঘনা ইন্স্যুরেন্সে মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন শেষে ২০১৬ সাল থেকে ইউনিয়ন ইন্স্যুরেন্সে মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।












