বিশ্ববিদ্যালয় প্রতিবেদক :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আগামী বছরের প্রথম অথবা শেষ নাগাদ সমাবর্তন আয়োজনের আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন।
সাবেক শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় উপাচার্য আরও বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার এক যুগ পার হয়ে গেলেও আজও কিছু নেই। আমি আসার পর থেকে চেষ্টা করছি বিশ্ববিদ্যালয়কে কীভাবে সমৃদ্ধ করা যায়? আর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন খুবই জরুরি। সমাবর্তনের ব্যাপারে আগামী একাডেমিক কাউন্সিলে আলোচনা করা হবে। এই বছরই সমাবর্তন করার পরিকল্পনা ছিল। বিভিন্ন কারণে তা সম্ভব হয়নি।
শীতকালে সমাবর্তন আয়োজন করলে ভালো হয় জানিয়ে উপাচার্য আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতে আয়োজনের পরিকল্পনা রয়েছে। যদিও সেটি বেশ কঠিন। তবে সব কিছু অনুকূলে থাকলে আগামী বছরেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠিত হবে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এন. এম. রবিউল আউয়াল চৌধুরী, কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট কাজী ওমর সিদ্দিকী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান মাহবুবুল হক ভুঁইয়া, কুমিল্লা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের আহ্বায়ক আল-আমীন অর্নব, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ, বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ২০০৭ সালে একাডেমিক যাত্রা শুরু করে এক যুগেরও বেশি সময় পার করেছে। বিশ্ববিদ্যালয় থেকে প্রায় আটটি ব্যাচ স্নাতক এবং ছয়টি ব্যাচ স্নাতকোত্তর শেষ করেছে। কিন্তু আজও দেখা মেলেনি সমাবর্তনের। তাই দিন দিন শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে অসন্তোষ। সমাবর্তনের বিষয়ে উপাচার্যের এ উদ্যোগ শিক্ষার্থীদের কিছুটা হলেও আশার দিক দেখাবে বলে মনে করছেন শিক্ষার্থীরা।












